চট্টগ্রাম

চট্টগ্রামে ফ্ল্যাট বাসা ভাড়া করে মদ তৈরি, গ্রেফতার ৬

চট্টগ্রাম, ২৮ জুুন- নগরীর খতিবের হাট এলাকায় মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। ফ্ল্যাট বাসা ভাড়া করে মদ তৈরি করা হচ্ছে। প্রশাসন ও সাধারণ মানুষের নজর এড়াতে মাদ্রাসা ও কবরস্থানের পাশের ভবনে এই কারখানা করা হয়েছে। এখানে তৈরি করা মদ নগরীর বিভিন্ন স্থানে সরবরাহ দেওয়া হত। গত শনিবার দিবাগত গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও মদ তৈরির কারিগরসহ ছয় জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন, উচির দোয়াই মারমা, মাসাং মারমা, আইজিং মারমা, যে মারমা, আছেমা মারমা ও ইইয়ং মারমা। তারা সবাই রাঙামাটি জেলার বাসিন্দা।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার আবু বক্কর সিদ্দিক বলেন, খতিবের হাটে চোলাই মদের কারখানা আবিষ্কার ও মদ তৈরির উপকরণসহ বিপুল পরিমাণ মদ জব্দ করা হয়েছে। খতিবের হাটে মসজিদের পশ্চিম পাশে কবরস্থান ও মাদ্রাসার পিছনে একটি পাঁচ তলা ভবনের পঞ্চম তলায় দুটি ফ্ল্যাট থেকে ৭০৬ লিটার মদ উদ্ধার করা হয়েছে।’

পাঁচলাইশ থানার ওসি জাহিদুল কবির বলেন, গত এক বছর যাবৎ ফ্ল্যাট ভাড়া নিয়ে তারা মদের ব্যবসা করে আসছে। পুলিশকে ফাঁকি দেওয়ার জন্য তারা কবরস্থান ও মাদ্রাসার পাশের ভবনটি বেছে নিয়েছে। তৈরি করা মদ পলিথিন ও স্যালাইনের ব্যাগে করে নগরীর বিভিন্ন স্থানে বিক্রি করা হত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে’।

তথ্যসূত্র: ইত্তেফাক
এস সি/২৮ জুন

 


Back to top button
🌐 Read in Your Language