টলিউড

মিতালি রাজের বায়োপিকে তাপসী,পরিচালনা করছেন সৃজিত

কলকাতা, ২৩ জুন- ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জির ছবিতে এবার দেখা যাবে দক্ষিণ ভারতের মেয়ে তাপসী পান্নুকে।

অবশ্য ঘটনাটা বরং উল্টোই। বলা যায়, তাপসীর ছবিতে যুক্ত হলেন সৃজিত।

বছর দুয়েক আগে ঘোষণা দেওয়া হয়েছিল ভারতীয় নারী ক্রিকেটের আইকন মিতালি রাজের বায়োপিক ‘শাবাশ ’ তৈরির। যেটি পরিচালনার দায়িত্বে ছিলেন শাহরুখ খানের ‘রইস’-খ্যাত নির্মাতা রাহুল ঢোলাকিয়া। এতে মিতালি রাজের চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু।

তবে সম্প্রতি ভারতীয় একাধিক গণমাধ্যমের খবর, গতকাল (২২ জুন) রাহুল ঢোলাকিয়া একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, তিনি সিনেমাটিতে কাজ করছেন না। এরপরেই প্রযোজনা প্রতিষ্ঠান ভায়াকম এইটিন ছবিটির পরিচালনার নতুন দায়িত্ব দেন কলকাতার খ্যাতিমান পরিচালক সৃজিত মুখার্জিকে।

রাহুল ঢোলাকিয়া বিবৃতিতে লিখেছেন, ‘তুমি জানতে এই ছবিটা তুমি পরিচালনা করছ। কিন্তু দুঃখজনক, আচমকাই এই ছবির সঙ্গে তোমার যাত্রা থমকে যায়। এই ছবির সঙ্গে একাধিক সুন্দর স্মৃতি জড়িয়ে রয়েছে আমার। তাই এই বিবৃতি লেখার সময়ে আবেগতাড়িত হয়ে পড়ছি।’

অন্যদিকে সৃজিতও তার ফেসবুক অ্যাকাউন্টে জানিয়েছেন, ছবিটি পরিচালনার দায়িত্ব নিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত বছর জানুয়ারিতেই প্রকাশ্যে এসেছিল ছবির ফার্স্ট লুক। ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি আন্তর্জাতিক ক্রিকেটে নারীদের মধ্যে সবচেয়ে বেশি রানের মালিক। একমাত্র নারী হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৬০০০ রান পেরিয়েছেন মিতালি। করোনার কারণে থমকে ছিল এই প্রজেক্ট, নতুন উদ্যমে ময়দানে নামবেন তাপসী।

এস সি/২৩ জুন


Back to top button
🌐 Read in Your Language