ফুটবল

এশিয়া কাপের বাছাইপর্বে সরাসরি খেলার সুযোগ পেল বাংলাদেশ

ঢাকা, ১৬ জুন – বিশ্বকাপ ও এশিয়া কাপের প্রাক বাছাই পর্বে পয়েন্ট টেবিলের তলানিতে থেকেও বড় এক সুখবর পেল বাংলাদেশ। এশিয়া কাপের প্লে অফে না খেলে সরাসরি বাছাইপর্বে খেলতে পারবেন জামাল ভূঁইয়ারা। মূলত গ্রুপের তলানিতে থাকা পঞ্চম দলগুলোর মধ্যে সেরা তিনে থাকায় এই সুযোগ পেতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বিশ্বকাপ ও এশিয়া কাপের প্রাক বাছাইয়ে ভারত ও আফগানিস্তানের সঙ্গে ড্র করে দুই পয়েন্ট অর্জন করেছিল বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে গতকাল রাতেই ৩-০ গোলে হেরে পঞ্চমস্থানে থেকে বিদায় নেয় বাংলাদেশ। তবে হারের হতাশার মাঝে সু-খবর দিয়েছে এএফসি। তাদের নিয়ম পরিবর্তন হওয়ায় সরাসরি এশিয়া কাপের বাছাইতে খেলতে পারবেন জীবন-সাদরা।

এশিয়া কাপের বাছাই পর্বে খেলবে ৩৫ দল। তাদের মধ্যে সবার নিচের দল হিসেবে বাছাইতে খেলতে পারবে বাংলাদেশ। এ কারণে বাংলাদেশের হোম-অ্যাওয়ে মিলিয়ে আরও ৬টি ম্যাচ খেলার সুযোগ পেল।

বিশ্বকাপ ও এএফসি কাপ বাছাইপর্ব শেষে এক থেকে ১৩ হওয়া দলগুলো খেলবে বিশ্বকাপের বাছাইয়ের মূল পর্ব ও এশিয়া কাপের মূলপর্বে। এ ছাড়াও ১৪ থেকে ৩৫ নম্বর হওয়া দলগুলো সরাসরি অংশ নেবে এশিয়া কাপের বাছাইয়ে।

সূত্র : আমাদের সময়
এন এইচ, ১৬ জুন

Back to top button
🌐 Read in Your Language