দিনাজপুর

অনির্দিষ্টকালের জন্য রপ্তানি বন্ধের ঘোষণা দিল ভারতীয় ব্যবসায়ীরা

দিনাজপুর,০৮ জুন- দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পণ্য রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা। রোববার রাতে আমদানি-রপ্তানিকারক গ্রুপকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন তারা।

এতে রপ্তানি পণ্য পরিবহনে নিয়োজিত সব ভারতীয় ট্রাক চালক ও হেলপারদের করোনা টিকার আওতায় আনা সম্ভব নয় জানিয়ে চারটি শর্ত উল্লেখ করা হয়েছে। আগামী বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

ভারতের ব্যবসায়ীদের দেওয়া শর্তগুলো হলো- ৮ জুনের মধ্যে সব ট্রাক চালক ও হেলপারদের টিকা দেওয়া সম্ভব নয়, কারণ ভারতজুড়ে টিকার অভাব রয়েছে। পূর্বের ন্যায় সন্ধ্যা ৬টা পর্যন্ত আমদানি-রপ্তানি চালু রাখতে হবে। আমদানি-রপ্তানির ক্ষেত্রে একক সিদ্ধান্ত না নিয়ে উভয়পক্ষ আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। অন্যান্য স্থলবন্দরের মত হিলি স্থলবন্দরেও ট্রাক পারাপার স্বাভাবিক রাখতে হবে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, করোনার টিকা ও সনদ ছাড়াই ভারতীয় ট্রাক চালক ও হেলপাররা হিলি স্থলবন্দর দিয়ে পণ্য নিয়ে প্রবেশ করায় দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। এই অবস্থায় বন্দরের ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা ভারতীয় ট্রাক চালক ও হেলপারদের করোনা টিকা গ্রহণ ও সনদের দাবি জানিয়ে আসছিলেন।

তিনি আরও জানান, ওই দাবির প্রেক্ষিতে ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশন এই হঠকারী সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনের সেক্রেটারি ধীরাজ অধিকারী বাবাই ওই দিন রাতে একটি পত্র দিয়ে আমাদের এই কথা জানিয়েছে।

তথ্যসূত্র: নতুন সময়
এস সি/০৮ জুন


Back to top button
🌐 Read in Your Language