নবীন-প্রবীণ ভারসাম্য রাখাই কি কৌশল, বড় দায়িত্ব পেয়ে পার্থ-সুব্রতর বাড়িতে অভিষেক

কলকাতা, ০৬ জুন – জাতীয় স্তরে অভিষেক ঘটার পরই রবিবার দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন অভিষেক। দলের বর্ষীয়ান নেতার থেকে পরামর্শ নেন তিনি৷ পরে সদ্য প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সীর বাড়িতেও যান অভিষেক৷ সন্ধে ৮টায় সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যাবেন।
রবিবার পার্থর নাকতলার বাড়িতে যান তৃণমূলের সদ্য দায়িত্বপ্রাপ্ত নতুন সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, অভিষেক এতদিন ধরে পরীক্ষিত নেতা। বিভিন্ন সময়ে বিভিন্ন নির্বাচনে অংশ নিয়েছে। সাংগঠনিক কাজে সাহায্য করেছে। সংগঠনকে মজবুত করার লক্ষে প্রযুক্তিগত দিক থেকে দলকে শৃঙ্খলাবদ্ধ করেছে। তাঁর সঙ্গে এদিন সাংগঠনিক আলোচনা হয়েছে বলেই জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। রাজনৈতিক মহল মনে করছে, দলের বর্ষীয়ান নেতাদের বাড়িতে অভিষেকের যাওয়াটা আসলে দলের মধ্যে নবীন-প্রবীণ ভারসাম্য বজায় রাখারই কৌশল।
একুশে বিধানসভা নির্বাচনে নেতৃত্বদানে সাফল্যের পুরস্কার পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Avishek Banerjee)। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হয়েছে তাঁকে। আর সেই দায়িত্ব পেয়েই শনিবার সন্ধ্যায় টুইটে দলের নেতা-কর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার টুইটারে অভিষেক লেখেন, “নতুন দায়িত্ব দেওয়ার জন্য আমি দলের কাছে কৃতজ্ঞ। সমস্ত প্রতিকূলতা সত্বেও দলের যে সমস্ত কর্মীরা বাংলাকে জেতাতে আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। ” তিনি ধন্যবাদ জানিয়েছেন দলের বর্ষীয়ান অভিজ্ঞ নেতাদেরও। তিনি লিখেছেন, “দলের সমস্ত অভিজ্ঞ. বর্ষীয়ান নেতাদের ধন্যবাদ। যাঁরা দুর্দিনে দলের পাশে ছিলেন। দলকে সবথেকে বেশি মূল্য দিয়েছেন।আমি সকলকে কথা দিচ্ছি চেষ্টা কোনও ত্রুটি রাখব না। দেশের প্রতিটি কোণে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, কাজ পৌঁছে দেব।” রাজনৈতিক মহল মনে করছে, দিল্লিকে টার্গেট করেই যে তিনি কাজ করবেন, তা টুইটে বুঝিয়ে দিয়েছেন অভিষেক।
সূত্র : কলকাতা২৪x৭
এন এ/ ০৬ জুন









