ক্রিকেট

নাহিদ রানার গতির ঝড়ে কাঁপছে নিউজিল্যান্ড, ৩ উইকেট হারিয়ে চাপে কিউইরা

ঢাকা, ২৩ এপ্রিল – বাংলাদেশের তরুণ গতি তারকা নাহিদ রানার বোলিং তোপে কোণঠাসা হয়ে পড়েছে নিউজিল্যান্ড। সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে উইল ইয়ংকে ফিরিয়ে কিউই শিবিরে বড় আঘাত হেনেছেন তিনি। দলীয় ৫৪ রানে নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় উইকেট হারায়। আউট হওয়ার আগে ইয়ং ১৯ রান করেন এবং নিক কেলির সঙ্গে ৪৬ রানের একটি জুটি গড়েন।

১৪৬ কিলোমিটার গতির এক দুর্দান্ত ডেলিভারিতে ইয়ংকে পরাস্ত করেন নাহিদ। বলটি ব্যাটের কানায় লেগে সরাসরি উইকেটকিপার লিটন কুমার দাসের গ্লাভসে জমা হয়।

এর আগে দলীয় মাত্র ৮ রানে ওপেনার হেনরি নিকোলসকে সাজঘরে ফেরত পাঠান মোস্তাফিজুর রহমান।

লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। কিউই ইনিংস মেরামতের চেষ্টা করছিলেন অধিনায়ক টম ল্যাথাম। তবে ১৭তম ওভারের পঞ্চম বলে মেহেদী হাসান মিরাজের বলে ক্যাচ তুলে দেন ল্যাথাম। শরিফুল ইসলামের হাতে ক্যাচ দেওয়ার আগে তিনি ১৩ বলে ৫ রান করেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭.২ ওভারে ৩ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ৬৪ রান। জয়ের জন্য কিউইদের আরও ২১২ রান প্রয়োজন।

বর্তমানে ক্রিজে ৩৩ রানে অপরাজিত আছেন নিক কেলি এবং তার সঙ্গী হিসেবে রয়েছেন নতুন ব্যাটার মুহাম্মদ আব্বাস।

এনএন/ ২৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language