ফেনীতে জলবায়ু সুবিচারের দাবিতে পদযাত্রা

ফেনী, ০১ জুন– জলবায়ু সুবিচারের দাবিতে ফেনীতে পদযাত্রা ও ধর্মঘট পালন করেছে স্থানীয় তরুণরা। মঙ্গলবার সকালে জেলার উপকূলীয় সোনাগাজী উপজেলার চরাঞ্চলে এই কর্মসূচি পালন করে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস ফেনী জেলা শাখা।
এ সময় প্লাকার্ড প্রদর্শন করে প্রকৃতিবান্ধব টেকসই উপকূলীয় বাঁধ নির্মাণ, জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ আদায় ও আদায়কৃত অর্থ জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য ব্যবহারের দাবি জানানো হয়।
জলবায়ু ন্যায্যতার দাবিতে পদযাত্রা ও ধর্মঘটে অংশ নেয় ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস ফেনী জেলা সমন্বয়কারী এস জেড অপু, জলবায়ু যোদ্ধা মোহাইমিনুল ইসলাম জিপাত, ইমাম উদ্দিন আহম্মেদ ইমন, মোস্তাফিজুর রহমান মুরাদ, ফারজান আরা ডায়না, সৈয়দা নুসরাত আনিকা, সাফকাত রাইয়ান সাবলিল, ইফফাত বিনতে আবেদীন জ্বীম, আয়মান জাওয়াদসহ সংগঠনের সদস্যরা।
কর্মসূচিতে ইয়ুথনেট ফেনী জেলার সমন্বয়ক এস জেড অপু বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ফেনী জেলায় প্রতিবছর সাইক্লোন, ঘূর্ণিঝড়, খরা, অতিবৃষ্টি, নদী ভাঙন বিশেষ করে লবণাক্ততাসহ বিভিন্ন দুর্যোগ দেখা দিচ্ছে। দুর্যোগের কারণে এ অঞ্চলের মানুষ ভিটেমাটি ছেড়ে চলে যাচ্ছে। এমতাবস্থায় জলবায়ু সুবিচারের বিকল্প নেই।
সূত্র : কালের কণ্ঠ
এম এন / ০১ জুন









