যূক্তরাষ্ট্র

অধ্যাপক জিল্লুর রহমান খান আর নেই

ওয়াশিংটন, ২৩ মে – যুক্তরাষ্ট্র প্রবাসী রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড. জিল্লুর আর খান শনিবার বিকেলে ফ্লোরিডার ওরল্যান্ডোতে একটি নার্সিং হোমে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। স্থানীয় সময় রোববার বাদ জোহর জানাজা শেষে সেন্ট্রাল ফ্লোরিডার কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।

ফরিদপুর জেলার কৃতী সন্তান জিল্লুর আর খান যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উইসকনসিনের রোজবুশ ইমেরিটাস অধ্যাপক ছিলেন। বিশ্বের এক সময়ের সর্বোচ্চ ভবন ‘শিকাগো টাওয়ার’-এর স্থপতি এফআর খানের ভাই জিল্লুর আর খান শিক্ষকতা এবং মৌলিক লেখালেখির জন্য বহু পুরস্কার পেয়েছেন। যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক বিভিন্ন সাময়িকীতে তার ৫০টি গবেষণা-প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তার ১২টি গ্রন্থ সারাবিশ্বে সমাদৃত হয়েছে। এর মধ্যে আছে- ‘লিডারশিপ ইন দ্য লিস্ট ডেভেলপমেন্ট ন্যাশন :বাংলাদেশ’, ‘মার্শাল ল টু মার্শাল ল :লিডারশিপ ক্রাইসিস ইন বাংলাদেশ’, ‘দ্য থার্ড ওয়ার্ল্ড কারিশমা :শেখ মুজিব অ্যান্ড দ্য স্ট্রাগল ফর ফ্রিডম’।

আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞানী সমিতির সভাপতির দায়িত্ব পালন করা জিল্লুর আর খান বাংলাদেশ ও আফগানিস্তানে গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করার লক্ষ্যে ১৯৮৮ সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের পররাষ্ট্রবিষয়ক কমিটির শুনানিতে আমন্ত্রিত ছিলেন।

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সহসভাপতি জিল্লুর আর খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার মনসুর, সাধারণ সম্পাদক আবদুল কাদের মিয়া, কমিউনিকেশন্স ডাইরেক্টর বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি রাশেদ আহমেদ ও সাধারণ সম্পাদক রেজাউল বারি।

সূত্র : সমকাল
এন এ/ ২৩ মে


Back to top button
🌐 Read in Your Language