ফুটবল

তবে কি ইতালি যাচ্ছেন জিদান

সিরি ‘এ’-তে গত কয়েক মৌসুম উড়তে থাকা জুভেন্তাস এবার মাটিতে নামল। পিরলোর অধীনে লিগে নিয়মিত বাজে পারফরম্যান্সের ফলই এটা। চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্নও পূরণ হয়নি। যা নিয়ে জুভদের নীতিনির্ধারকদের মধ্যে চাপা ক্ষোভ।

ইতালিয়ান দৈনিক লা গাজেটা বলছে, এরই মধ্যে পিরলোর বদলি খুঁজছে জুভরা। যে তালিকায় জোরেশোরে শোনা যাচ্ছে জিনেদিন জিদানের নাম। ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রিকেও পছন্দ তাদের। চলতি মৌসুম শেষে এই দু’জনের একজনকে ফাইনাল করতে মরিয়া তারা। এদিকে চুক্তি অনুযায়ী জিদান রিয়ালের কোচ ২০২২ সালের জুন অবধি। আর তিনি নিজেও বলেছেন মাদ্রিদে সুখে আছেন। তবে লিগ কিংবা চ্যাম্পিয়ন্স লিগ কোনোটাই যদি ঘরে না আসে তাহলে প্রেক্ষাপট বদলে যেতেও পারে। আর ওই সুযোগটা লুফে নিতে চায় রোনালদোর ক্লাব।

যদিও ক্রিশ্চিয়ানোর জুভেন্তাস ভবিষ্যৎও অনিশ্চয়তায়। তবে ইতালিয়ান মাধ্যমগুলো বলছে, জিদান গেলে রোনালদো আর দ্বিতীয় অপশন খুঁজবেন না। তাই যদি হয় তবে আবারও দেখা হতে পারে গুরু-শিষ্যের। রিয়ালে থাকাকালে রোনালদোর সঙ্গে দারুণ মিল ছিল জিদানের। রাশিয়া বিশ্বকাপের পর হুট করেই ভাঙে এই জুটি। জিদান চাকরি ছেড়ে চলে যান আর রোনালদো যোগ দেন জুভেন্তাসে। রিয়ালের সঙ্গে চুক্তি থাকলেও জিদানকে নিয়ে নিশ্চিত করে কিছু বলার জো নেই। কেননা আগেও তিনি হঠাৎ মাদ্রিদ থেকে উড়াল দিয়েছিলেন। এবারও যে একই কাজ করবেন না সেটা কে জানে।

সূত্র : সমকাল
এন এইচ, ১২ মে

Back to top button
🌐 Read in Your Language