লেভান্তের মাঠে বার্সার দুঃস্বপ্ন

প্রথমার্ধের দুর্দান্ত পারফরম্যান্সে দুই গোলের লিড। সহজ জয়ের উজ্জ্বল সম্ভাবনা। কিন্তু লেভান্তের মাঠে বারবার পথ হারানোর ভীতি, সঙ্গে শিরোপা লড়াইয়ের প্রবল চাপ-দুইয়ে মিলিয়েই কিনা বিরতির পর একটু নড়ে গেল বার্সেলোনা। সেই সুযোগে অসাধারণভাবে ঘুরে দাঁড়াল লেভান্তে। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পয়েন্ট হারিয়ে শিরোপা লড়াইয়ে অনেকখানি পিছিয়ে পড়ল কাতালান ক্লাবটি।
লা লিগায় মঙ্গলবার রাতের ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে। লিওনেল মেসির নৈপুণ্যে বার্সেলোনা এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান পেদ্রি। গনসালো মেলেরো ও হোসে লুইস মোরালেসের গোলে লেভান্তে সমতায় ফেরার পর উসমান দেম্বেলের গোলে আবারও এগিয়ে যায় শিরোপাপ্রত্যাশীরা। তবে সের্হিও লেওনের গোলে মূল্যবান একটি পয়েন্ট আদায় করে নেয় স্বাগতিক দল।
মূল্যবান দুটি পয়েন্ট হারালেও আপাতত লিগ টেবিলে দুইয়ে ফিরেছে বার্সেলোনা। ৩৬ ম্যাচে রোনাল্ড কুমানের দলের পয়েন্ট ৭৬।
একটি করে ম্যাচ কম খেলেছে শিরোপা লড়াইয়ের অন্য দুই দল আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল। ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে দিয়েগো সিমেওনের দল। ৭৫ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে জিনেদিন জিদানের দল।
লা লিগায় লেভান্তের বিপক্ষে বার্সেলোনা খেললে একটা ব্যাপার যেন নিশ্চিত, গোল পাবেই কাম্প নউয়ের দলটি। এ নিয়ে ৩০ ম্যাচেই তারা পেল জালের দেখা, মোট ৮৯টি। ম্যাচ প্রতি গোলের হিসেবে যা দ্বিতীয় সর্বোচ্চ; অন্তত ১৫ ম্যাচ খেলেছে এমন দলের বিপক্ষে এর চেয়ে ভালো গড় কেবল রায়ো ভায়োকানোর বিপক্ষে (৩.২)।
তবে এই দলটির মাঠে মুদ্রার উল্টো পিঠও দেখতে হয় বার্সেলোনার। লিগে গত তিন আসরে দুবারই এখানে হেরেছে মেসিরা। মাঝে ২০১৮-১৯ মৌসুমে জিতলেও সেবার কোপা দেল রের শেষ ষোলোর প্রথম লেগে হারে বার্সেলোনা।
এদিন ম্যাচের শুরুতেই ২-০ গোলে এগিয়ে যেতে পারত বার্সেলোনা। লেভান্তের রক্ষণ ভেঙে ডি-বক্সে ঢুকে পড়েন ফ্রেংকি ডি ইয়ং। কাটব্যাক করেন পেদ্রিকে। কিন্তু পেনাল্টি স্পটের কাছে ফাঁকায় দাঁড়িয়ে উড়িয়ে মারেন স্প্যানিশ মিডফিল্ডার।
সূত্র : বিডিনিউজ
এন এইচ, ১২ মে







