পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গে নির্বাচনে জিতলেন রাজমিস্ত্রির স্ত্রী

কলকাতা, ০৪ মে – পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের শুরু থেকেই সবদলের প্রার্থী তালিকায় লক্ষ্য করা গেছে চমকে পর চমক। সেই তালিকায় নুন আনতে পান্তা ফুরোনো সংসারের এক নেহাতই দিন মজুর রাজমিস্ত্রির স্ত্রী চন্দনা বাউরিকে প্রার্থী করেছিল বিজেপি। শালতোড়া কেন্দ্র থেকে প্রায় চার হাজারের বেশি ভোটে তিনি বড় জয় পেয়েছেন।

জানা গেছে, চন্দনা তার স্বামী শ্রাবণ বাউরির সঙ্গে রাজমিস্ত্রির জোগান দেওয়ার কাজ করেন। এমনকি বাড়িতে নেই শৌচাগারও। ভাঙাচোড়া এক ঘরের সংসার। তাদের সম্বল বলতে তিনটি ছাগল, তিনটি গরু (তার মধ্যে একটি আবার বাবার উপহার দেওয়া)এবং একটি মাটির বাড়ি।

তিনি এখন পর্যন্ত ভোটের সবচেয়ে গরীব প্রার্থী বলে চিহ্নিত হয়েছেন। চন্দনা তার মনোনয়ন পত্রে হলফনামায় লিখেছেন তার ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে মাত্র ৩১ হাজার ৯৮৫ রুপি। এছাড়া তার দৈনিক আয় হিসেবে উল্লেখ করা হয়েছে ৪০০ রুপি। চন্দনা পড়াশোনায় ভালো ছিলেন। কিন্তু বাবা মারা যাওয়ার কারণে মাধ্যমিক পাস করে তাকে বিয়ে করতে হয়। তিনি তিন সন্তানের জননী।

এন এইচ, ০৪ মে

Back to top button
🌐 Read in Your Language