ভারতের করোনা পরিস্থিতি নিয়ে ‘বিতর্কিত পোস্ট’ চীনের

বেইজিং, ০৩ মে– ভারতে কোভিড-১৯ সংকটের মুহূর্তে দেশটির সঙ্গে রকেট উৎক্ষেপণের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ব্যঙ্গ করেছে চীন। পরে অবশ্য তুমুল বিতর্কের মুখে চীন সোশ্যাল মিডিয়া থেকে পোস্টটি ডিলিট করেছে। বৃটিশ সংবাদমাধ্যম বিবিসি থেকে এ খবর জানা গেছে। গত শনিবার বিকেলে চীনের কমিউনিস্ট পার্টির ‘সেন্ট্রাল পলিটিক্যাল অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স কমিশন’ তাদের উইবো স্যোশাল অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করেছিল।
পোস্ট করা ওই দুটি ছবির মধ্যে একটি ছবিতে দেখানো হয়, চীন রকেট উৎক্ষেপণ করছে। অন্যটিতে দেখানো হয়, ভারতে কোভিডে মারা যাওয়াদের চিতা জ্বলছে। এ দুটি ছবি পাশাপাশি পোস্ট করে তার নিচে ক্যাপশনে লেখা হয়, ‘চীনে জ্বলন্ত আগুন বনাম ভারতে জ্বলন্ত আগুন।’
বিবিসি জানায়, চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ভারতের কোভিড সংকটের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সহমর্মিতা জানিয়ে বার্তা দেওয়ার একদিন পরই উইবোতে দেখা যায় এই পোস্ট। স্যোশাল মিডিয়া ব্যবহারকারীরা পোস্টটি নিয়ে নানা মন্তব্য করেছে। অনেকে বলেছে, ‘এটা ঠিক না। চীনের উচিত ভারতের জন্য সমবেদনা প্রকাশ করা।’
চীনের গ্লোবাল টাইমস মিডিয়ার প্রধান সম্পাদক লেখেন, ‘এই সময়ে মানবতাকে সবার ঊর্ধ্বে স্থান দিন। ভারতের জন্য সমবেদনা প্রকাশ করুন। চীনা সমাজকে নৈতিকতার উচ্চ শিখরে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করুন।’
এদিকে, চীনের প্রেসিডেন্ট শি জিন পিং তার বার্তায় বলেছেন, তার দেশ ভারতকে আরও বেশি সহযোগিতা করা এবং যেখানে প্রয়োজন বাড়তি সাহায্য করতেও ইচ্ছুক।
প্রসঙ্গত, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারতে শনাক্ত রোগীর মোট সংখ্যা দুই কোটি ছুঁইছুঁই করছে। গতকাল রোববার দেশটি মহামারি শুরু হওয়ার পর থেকে একদিনে সর্বোচ্চ ৩ হাজার ৬৮৯ জনের মৃত্যু দেখেছে।
সূত্র : আমাদের সময়
এম এন / ০৩ মে









