এশিয়া

বেইজিংয়ে ড্রোন কেনাবেচা ও ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ

বেইজিং, ৩০ এপ্রিল – জননিরাপত্তার স্বার্থে চীনের রাজধানী বেইজিংয়ে ড্রোন কেনাবেচা ও ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আগামী শুক্রবার থেকে কার্যকর হতে যাওয়া নতুন নীতিমালার অধীনে বেইজিংয়ে ড্রোন ও এর যন্ত্রাংশ বিক্রি, ভাড়া দেওয়া এমনকি শহরের বাইরে থেকে ড্রোন নিয়ে আসা নিষিদ্ধ করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশে এই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী বেইজিংয়ে ড্রোন মালিকদের তাদের যন্ত্রটি পুলিশের কাছে বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হবে। কোনো ড্রোন মেরামতের জন্য শহরের বাইরে পাঠালে তা কুরিয়ারের মাধ্যমে ফিরিয়ে আনা যাবে না। ড্রোন মালিককে সশরীরে গিয়ে সেটি সংগ্রহ করতে হবে। এছাড়া শহরের ভেতরে যেকোনো ড্রোন ওড়ানোর আগে কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে অনলাইনে প্রশিক্ষণ শেষে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

চীন বর্তমানে বিশ্বের ড্রোনের অন্যতম শীর্ষ বাজার এবং ডিজেআই এর মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠান এখানে অবস্থিত। ২০৩৫ সালের মধ্যে দুই ট্রিলিয়ন ইউয়ানের আয়ের লক্ষ্যমাত্রা থাকলেও ড্রোন ব্যবহারের সুযোগ ক্রমান্বয়ে সংকুচিত হচ্ছে। গত বছরই বেইজিংয়ের আকাশসীমাকে ড্রোন মুক্ত অঞ্চল ঘোষণা করা হয়েছিল। তবে সন্ত্রাস দমন ও দুর্যোগ ব্যবস্থাপনার মতো জরুরি প্রয়োজনে বিশেষ অনুমতি সাপেক্ষে ড্রোন ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। বেইজিং মিউনিসিপ্যাল পিপলস কংগ্রেসের কর্মকর্তাদের মতে নিরাপত্তা ও প্রযুক্তির মধ্যে ভারসাম্য বজায় রাখতেই এই নিয়ন্ত্রণ ব্যবস্থা।

এস এম/ ৩০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language