ক্রিকেট

ফাওয়াদের সেঞ্চুরিতে বড় লিড পাকিস্তানের

হারারে, ০১ মে – জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন ফাওয়াদ আলমের দারুণ সেঞ্চুরিতে চালকের আসনে অবস্থান নিয়েছে পাকিস্তান। দিনশেষে তারা এগিয়ে আছে ১৯৮ রানে।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ১৭৬ রানে গুটিয়ে যায় স্বাগতিক জিম্বাবুয়ে। জবাবে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়ে ১০৩ রান করে প্রথম দিন শেষ করে পাকিস্তান। এরপর দ্বিতীয় দিনে আরও যোগ করে ২৭১ রান।

১৫৫ বলে ১০৮ রান নিয়ে অপরাজিত আছেন ফাওয়াদ আলম। ১৪৪ বলে ১৫টি চারের মারে তিনি তিন অংকের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করেন। সবশেষ পাঁচ টেস্টে এটি তার তৃতীয় সেঞ্চুরি।

শুক্রবার ওপেনার আবিদ আলী ৫৬ ও ইমরান বাট ৪৩ রানে দিন শুরু করেন। মাত্র ৪ রান যোগ করে আবিদ আউট হলেও সেঞ্চুরির কাছে গিয়ে সাজঘরে ফেরেন ইমরান। তার ব্যাট থেকে আসে ৯১ রান। তিনে নেমে আজহার আলী ৭০ বলে ৩৬ রানের ইনিংস খেলেন। এরপরেই ক্রিজে এসে বাবর আজম ফেরেন ০ রানে।

মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে আসে ১০৬ বলে ৪৫ রান। বাবরের মতো ফাহিম আশরাফও ফেরেন ০ রানে। ফাওয়াদের সঙ্গে হাসান আলী অপরাজিত আছেন ২১ রানে। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেনে ডোনাল্ড টিরিপানো।

এর আগে শাহিন শাহ আফ্রিদি ও হাসান আলীর বোলিং তোপে প্রথম ইনিংসে জিম্বাবুয়ে ১৭৬ রানে অলআউট হয়। সর্বোচ্চ ৪৮ রান করে লড়াই চালিয়েছেন রয় কাইয়া।

এ ছাড়া মিল্টন সুমবা ২৭, তারিসাই মুসাকান্দা ১৪ ও ব্লেসিং মুযরাবানি ১৪ রান করেন। ১১ রান আসে প্রিন্স মাসভাউরের ব্যাট থেকে। ৪৭ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন ডোনাল্ড টিরিপানো।

আফ্রিদি ও হাসান সর্বোচ্চ ৪ উইকেট করে নেন। একটি উইকেট নেন নুমান আলী।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০১ মে

Back to top button
🌐 Read in Your Language