ক্রিকেট

শুরুর ধাক্কা সামলে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলো চেন্নাই

মুম্বাই, ১০ এপ্রিল – জাতীয় দল থেকে অবসর নিয়েছেন, খেলেননি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসর। তবু একটু ধার কমেনি চেন্নাই সুপার কিংসের বাঁহাতি ব্যাটসম্যান সুরেশ রায়নার। তার হাফসেঞ্চুরিতে ভর করে ধাক্কা সামলে ওঠে চেন্নাই; শেষে রবীন্দ্র জাদেজা-স্যাম কারানের ঝোড়ো ব্যাটিংয়ে ১৮৯ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় মহেন্দ্র সিং ধোনির দল।

শনিবার (১০ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৮টায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও রিশাভ পান্তের দিল্লি ক্যাপিটালস। টস হেরে ব্যাটিং করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৮৮ রান করে চেন্নাই।

আরও পড়ুন : ম্যাচ হেরেও জুতার কারণে প্রশংসিত রোহিত শর্মা

চেন্নাইয়ের শুরুটা ভালো ছিল না। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফাফ ডু প্লেসির উইকেট হারায় দলটি। পরের ওভারেই সাজঘরে ফেরেন আরেক ওপেনার রুতুরাজ গায়কোয়াড। এরপরই খেলার হাল ধরেন মঈন আলী-রায়না। দুজনের তৃতীয় উইকেটের জুটি থেকে আসে ৫৩ রান।

মঈন ২৪ বলে ৩৬ করে সাজঘরে ফিরলেও রায়না রাইডুর সঙ্গে আবার জুটি গড়ে ৩৬ বলে ৫৪ করে ক্ষান্ত হন। রাইড ১৬ বলে ২৩ রান করেন। রায়না-রাইডুর জুটি থেকে আসে ৬৩ রান।

ধোনি ব্যাট হাতে ব্যর্থ প্রথম ম্যাচেই। তিনি ফেরেন ০ রানে। রাইডু-ধোনির উইকেট হারানোর পর ঝড় তোলেন জাদেজা-কারান। জাদেজা ১৭ বলে ২৬ করে অপরাজিত থাকলেও কারান ১৫ বলে ৩৪ রান করে ইনিংসের শেষ বলে আউট হন।

দিল্লির হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন ক্রিস ওকস ও আবেশ খান।

অভি/ ১০ এপ্রিল

Back to top button
🌐 Read in Your Language