ক্রিকেট

রাহুল দ্রাবিড়ের নতুন রূপে হতবাক নেটদুনিয়া (ভিডিও)

মুম্বাই, ১০ এপ্রিল – শান্ত একজন মানুষ হঠাৎ রেগে গিয়ে যদি হাত-পা ছুঁড়তে শুরু করেন তখন চেনা মানুষটাকে যেমন অচেনা লাগে, তেমনই নতুন রূপে অনুরাগীদের কাছে অচেনা হয়ে ধরা দিলেন রাহুল দ্রাবিড়। তবে রিয়েল লাইফে রেগেমেগে যে সাবেক এই ভারতীয় ব্যাটসম্যান হাত-পা ছুঁড়তে শুরু করেছেন ঠিক তা নয়। ক্রেডিট কার্ড অ্যাপ ক্রেডের নতুন একটি কমার্শিয়ালে রাহুল দ্রাবিড়কে দেখা গেছে তার স্বভাবের বিরুদ্ধাচরণ করতে। আর এতেই হতবাক ক্রিকেটপ্রেমীরা।

ক্রেডের নতুন এই বিজ্ঞাপন মুক্তি পেয়েছে গতকাল শুক্রবার (৯ এপ্রিল)। ইউটিউবে প্রথম পাঁচ ঘন্টায় ৫৫ হাজারেরও বেশি মানুষ সেটি দেখে ফেলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন রূপে ভাইরাল ‘দ্য ওয়াল’। বিজ্ঞাপনটিতে ট্র্যাফিক সিগন্যালে আটকে থেকে ক্রেডিট কার্ডের দেনায় জর্জরিত দ্রাবিড়কে মেজাজ হারাতে দেখা গেছে। সিগন্যালে আটকে থাকা অবস্থায় চিৎকার করে রীতিমতো অন্যান্য পথচারীদের মাথাব্যথার কারণ হয়েছেন তিনি।

আরও পড়ুন : গেমস নিয়ে আসলেন সাকিব

এখানেই শেষ নয়। ক্রিকেট ব্যাট বের করে সিগন্যালে দাঁড়িয়ে থাকা পাশের গাড়িটির সাইড-ভিউ মিররও ভাঙতে দেখা গেছে দ্রাবিড়কে। হঠাতই ব্যাট হাতে আবার চিৎকার করে তিনি বলছেন, ‘ইন্দিরাগড়ের গুন্ডা আমি।’ তবে সব কিছুই বিজ্ঞাপনী প্রচারের জন্য। যদিও শান্ত স্বভাবের দ্রাবিড় যে অভিনয়ের কারণেও এমন মেজাজ হারাতে পারে, তা হয়তো তার অতিভক্তদেরও জানা ছিল না। সবমিলিয়ে ইন্দিরাগড়ের গুন্ডার রূপে দ্রাবিড়কে দেখে হতবাক নেটাগরিকরা।

বিজ্ঞাপনটির বর্ণনায় দ্রাবিড় লিখেছেন, ‘আমি রাহুল দ্রাবিড় ভিডিওটির বর্ণনা লিখছি। মেজাজ হারিয়ে ফেলার জন্য আমি দুঃখিত। আমি সেজন্য ইদানিং যোগা করছি। যাইহোক, আমি আপনাদের বলতে চাই যে সঠিক সময়ে আপনি যদি আপনার ক্রেডিট কার্ডের বিল মেটান তাহলে ক্রেড আপনাকে প্রত্যেক সময় পুরস্কৃত করবেই। তারা খুব ভালো মানুষ।’

তবে কেবল অনুরাগীরাই নন, দ্রাবিড়ের অভিনয় মুগ্ধ করেছে বিরাট কোহলি, টি নটরাজনদেরও। বিজ্ঞাপনের কমেন্টে তার একসময়ের সতীর্থ কোহলি লিখেছেন, ‘রাহুল ভাইয়ের এই দিক কখনও দেখিনি।’ তবে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনটিতে সবচেয়ে মজার কমেন্ট করেছে ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো। তারা লিখেছে, ‘ইন্দিরানগরে আজ খাবার ডেলিভারি করতে দেরি হতে পারে। কারণ সেখানকার রাস্তায় একজন গুন্ডার দেখা মিলেছে।’

সূত্র : বিডি প্রতিদিন
এন এইচ, ১০ এপ্রিল

Back to top button
🌐 Read in Your Language