এবার ভোলাগঞ্জ থেকে সরাসরি ঢাকা যাবে বিআরটিসির বাস

সিলেট, ০২ এপ্রিল – সিলেটের পর্যটনকেন্দ্র কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সরকারি পরিবহন সংস্থা বিআরটিসির বাস সরাসরি যাবে ঢাকায়। এ রুটে চলাচল করবে বিআরটিসির নন এসি বাসও। বৃহস্পতিবার (১ এপ্রিল) ভোলাগঞ্জ ১০ নম্বর পয়েন্টে নিজস্ব কাউন্টারের সামনে আনুষ্ঠানিকভাবে এ বাস সার্ভিসের উদ্বোধন করা হয়।
ভোলাগঞ্জ-সিলেট-ঢাকা সড়কে বিআরটিসি এসি ও নন-এসি বাস সার্ভিসের উদ্বোধন করেন বিআরটিসি সিলেট ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজার (অপারেশন) মো. জুলফিকার আলী।
আরও পড়ুন : আরব আমিরাতের দর্শনীয় ও আকর্ষণীয় স্থানগুলো
এ সময় তিনি বলেন, যাত্রীদের সুবিধার্থে এই বাস সার্ভিস চালু করা হয়েছে। পর্যটন বিকাশে বিআরটিসি বাস সার্ভিস আরও সম্প্রসারিত হবে।
বিআরটিসির এই কর্মকর্তা আরও বলেন, পর্যটন এলাকা কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ থেকে প্রতিদিন সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে বাস। এছাড়াও ভোলাগঞ্জ-সাদাপাথর থেকে সিলেট হয়ে ঢাকা-শায়েস্তাগঞ্জ, পাঁচদোনা, টঙ্গি, আব্দুল্লাহপুর, এয়ারপোর্ট, মিরপুর-১ হয়ে গাবতলী টার্মিনালে যাবে বাস।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণকেন্দ্রের সহ-প্রশাসনিক কর্মকর্তা মো. এনায়েতুল ইসলাম জাবির, বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের ট্রাফিক ইনচার্জ মো. মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
সূত্র : সিলেটভিউ২৪
এন এইচ, ০২ এপ্রিল









