ইউরোপ

অ্যাস্ট্রাজেনেকার টিকা নেবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস

লন্ডন, ১৯ মার্চ – যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, তিনি খুব দ্রুতই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা গ্রহণ করবেন। ব্রিটিশ বার্তা সংস্থা জানিয়েছে, সম্প্রতি এই টিকায় রক্ত জমাট বাঁধার অভিযোগ ওঠার প্রেক্ষাপটে জনগণকে আশ্বস্ত করতে তিনি এ ঘোষণা দিয়েছেন।

সম্প্রতি ইউরোপের কয়েকটি দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে। টিকা নিলে রক্ত জমাট বাঁধছে- এমন অভিযোগের পর সতর্কতার অংশ হিসেবে বেশকিছু দেশ অ্যাস্ট্রাজেনেকার টিকা কর্মসূচি স্থগিত করে। তবে অ্যাস্ট্রাজেনেকার পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউরোপিয়ান মেডিসিন এজেন্সিগুলো জোর দিয়ে বলেছে- এই টিকাটি নিরাপদ। রক্ত জমাট হওয়া নিয়ে যা বলা হচ্ছে, তার সঙ্গে এই টিকা নেওয়ার কোনও সম্পর্ক নেই।

আরও পড়ুন : আবারও অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ শুরু করছে ইউরোপ

বুধবার পার্লামেন্টে বরিস জনসন বলেন, অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা প্রসঙ্গে আমি জানাতে চাই, আমি খুব দ্রুতই এই টিকা গ্রহণ করব। আমি অঅক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাই গ্রহণ করব। কানাডা সরকারের পক্ষ থেকেও দেশের জনগণের প্রতি টিকা গ্রহণের আহ্বান জানিয়ে এতে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলে আশ্বাস দেওয়া হয়েছে।

অ্যাস্ট্রাজেনেকার পক্ষ থেকে বলা হয়েছে, টিকা প্রয়োগ করা এক কোটি ৭০ লাখের বেশি মানুষের সুরক্ষা তথ্য পর্যালোচনা করে রক্তে জমাট বাঁধাসহ কোনও ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। অঞ্চল, লিঙ্গ, বয়স ভেদে কিংবা নির্দিষ্ট কোনও দেশ থেকেও এমন তথ্য মেলেনি।

সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ১৯ মার্চ


Back to top button
🌐 Read in Your Language