মধ্যপ্রাচ্য

দুবাইয়ে বিশ্বের বৃহত্তম খেজুর প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করলেন শেখ মোহাম্মদ

দুবাই, ২৮ এপ্রিল – সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতি এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বিশ্বের বৃহত্তম খেজুর প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করেছেন। সোমবার দুবাই ইন্ডাস্ট্রিয়াল সিটিতে অবস্থিত আল বারাকাহ নামের এই ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানটি তিনি ঘুরে দেখেন। প্রায় ৮ লাখ বর্গফুটের বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এই কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা ১ লাখ মেট্রিক টন। বর্তমানে বিশ্বের ৯৭টি দেশে এই কারখানা থেকে প্রক্রিয়াজাতকৃত খেজুর রপ্তানি করা হয়।

ব্যবসায়ী সেলিম মোহাম্মদ ১৯৮৩ সালে খাদ্যসামগ্রীর ব্যবসার মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু করেন এবং ১৯৯০-এর দশকে খেজুর প্রক্রিয়াজাতকরণ ব্যবসায় আত্মনিয়োগ করেন। পরিদর্শনকালে শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম কারখানাটির শক্তিশালী উৎপাদন ব্যবস্থা এবং দেশীয় পণ্যের গুণগত মান দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি সংযুক্ত আরব আমিরাতকে উন্নত খাদ্যশিল্পের একটি বৈশ্বিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

দুবাইয়ের শাসক কারখানার প্রতিষ্ঠাতা সেলিম মোহাম্মদ এবং তার ছেলে তথা ব্যবস্থাপক ইউসুফ সেলিম মোহাম্মদের কাছ থেকে উৎপাদন ও প্যাকেজিংয়ের বিভিন্ন ধাপ সম্পর্কে অবহিত হন। কারখানটিতে প্যাকেটজাত খেজুরের পাশাপাশি খেজুরের সিরাপ, পেস্ট ও গুঁড়া উৎপাদন করা হয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো খেজুরের পেস্ট ও সিরাপের প্রধান ক্রেতা।

অন্যদিকে বাংলাদেশ, ভারত ও ইন্দোনেশিয়ায় সবচেয়ে বেশি প্যাকেটজাত খেজুর রপ্তানি করা হয়। উল্লেখ্য যে, সম্প্রতি শেখ মোহাম্মদ ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে বিশ্বের বৃহত্তম দাতব্যভিত্তিক খেজুর প্রক্রিয়াজাতকরণ কারখানা চালুর ঘোষণা দিয়েছেন। গুরুত্বপূর্ণ অংশীদারদের সহযোগিতায় নির্মিতব্য এই কারখানা থেকে প্রতি বছর ১৫০ মিলিয়ন খেজুরসমৃদ্ধ খাদ্যপণ্য উৎপাদিত হবে, যা সুবিধাবঞ্চিত ও অপুষ্টিতে ভোগা শিশুদের মাঝে বিতরণ করা হবে।

এস এম/ ২৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language