ভারতীয় নাগরিকদের জন্য ফ্রান্সের ট্রানজিট ভিসা মওকুফ

প্যারিস, ২৫ এপ্রিল – ফ্রান্স হয়ে তৃতীয় কোনো দেশে ভ্রমণের ক্ষেত্রে ভারতীয় নাগরিকদের জন্য আর ট্রানজিট ভিসার প্রয়োজন নেই। ভারতে অবস্থিত ফরাসি দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে। গত ফেব্রুয়ারি মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভারতীয় নাগরিকদের ভ্রমণ প্রক্রিয়া সহজতর করার লক্ষ্যে বিশেষ পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
সেই ঘোষণার ধারাবাহিকতায় এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। নিয়ম অনুযায়ী গত ১০ এপ্রিল থেকে সাধারণ পাসপোর্টধারী ভারতীয় নাগরিকরা ফ্রান্সের বিমানবন্দরের আন্তর্জাতিক ট্রানজিট জোন ব্যবহার করে অন্য দেশে ভ্রমণের সময় ট্রানজিট ভিসা ছাড়াই যাতায়াত করতে পারছেন।
তবে এই সুবিধা শুধুমাত্র সেই সকল যাত্রীদের জন্য প্রযোজ্য হবে যারা বিমানবন্দরের আন্তর্জাতিক ট্রানজিট জোনের ভেতরেই অবস্থান করবেন এবং ইমিগ্রেশন পার হবেন না। ফরাসি কর্তৃপক্ষের এই উদ্যোগের ফলে ভারতীয় পর্যটকদের বিদেশ ভ্রমণ আরও সহজ এবং স্বাচ্ছন্দ্যময় হবে বলে ধারণা করা হচ্ছে।
এস এম/ ২৫ এপ্রিল ২০২৬









