সমস্ত কাগজ-পত্র শেখ হাসিনার হাতে তুলে দেবো: কাদের মির্জা

নোয়াখালী, ১৮ মার্চ – আলোচিত বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ‘আমি কারো রক্ত চক্ষুকে ভয় করি না। মানুষের ওপর আমার দরদ আছে। মানুষের হৃদয়ের খবর নেন। যত ঘটনা ঘটেছে। সকল ঘটনার বিভাগীয় তদন্ত ঢাকা থেকে করতে হবে। পিবিআইকে মামলা দিছে। পিবিআই আগে কি বলেছে, এখন কি বলে বুঝি না। এটা এসপি সাহেব পিবিআইকে প্রভাবিত করে মামলা ভিন্ন খাতে নেওয়ার ষড়যন্ত্র করছেন।’
বুধবার (১৭ মার্চ) বসুরহাট জিরো পয়েন্টে বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিন পালন উপলক্ষে প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের আগে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন : মওদুদের মৃত্যুতে কাদের মির্জার তিনদিনের শোক ঘোষণা
তিনি বলেন, ‘আমার নেত্রী আমাকে বলেছেন তুমি শান্ত থাকো। আমি শান্ত আছি। আমি কারো কাছে বলবো না। আমি বিচার আল্লার কাছে দেবো। আর সমস্ত কাগজ-পত্র রেডি করে রেখেছি। সেগুলা আমি জননেত্রী শেখ হাসিনার হাতে তুলে দেবো। আমি কোন বাটপার নেতার পিছনে রাজনীতি করি না। আমি রাজনীতি করি বঙ্গবন্ধুর আদর্শে, আমি রাজনীতি করি শেখ হাসিনার উন্নয়নের, আমি রাজনীতি করি, শেখ হাসিনার সুযোগ্য সন্তান বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়, যে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার যে রাজনীতি করছে, আমি সে রাজনীতির সাথে আছি।’
কাদের মির্জা আরো বলেন, আমি আছি সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে। যিনি অটিজমের ওপর কাজ করেন, প্রতিবন্ধীর ওপর কাজ করেন, দেশের মানুষের জন্য কাজ করেন। তাঁর দুইটা সন্তান ছাড়া কেউ জননেত্রী শেখ হাসিনাকে কেউ সহযোগীতা করে না।’
এ সময় তিনি দাবি করেন, নোয়াখালীর ডিসি, এসপি, ডিবি‘র ওসি, কোম্পানীগঞ্জের ইউএনও, এসিল্যান্ড, ওসি ও ওসি (তদন্ত) এদেরকে প্রত্যাহার না করলে যতই চেষ্টা করুক, কোম্পানীগঞ্জে শান্তি আসবে না। এটা স্পষ্ট।
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১৮ মার্চ









