ঢাকা-কুমিল্লা ৮১ কিমি উড়াল রেলপথ নির্মাণের সিদ্ধান্ত চূড়ান্ত

ঢাকা,১৩ অক্টোবর- প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ঢাকা ও শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
জাহেদ উর রহমান বলেন, ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত প্রস্তাবিত ৮১ কিলোমিটার রেলপথের পুরোটাই উড়ালপথে নির্মাণ করা হবে। এ বিষয়ে সর্বোচ্চ পর্যায়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, নতুন এই কর্ডলাইন বা সোজা ও সংক্ষিপ্ত রেললাইন নির্মাণ করা হলে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত রেলপথের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমে আসবে। একই সঙ্গে ঢাকা থেকে চট্টগ্রামে যাতায়াতের সময় দেড় থেকে দুই ঘণ্টা পর্যন্ত কমবে বলে আশা করা হচ্ছে।
উপদেষ্টা জানান, পুরো রেলপথ উড়ালপথে নির্মাণ করা হলে প্রায় ৩২২ একর জমি সাশ্রয় হবে। প্রকল্পটির প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ৮৩ হাজার ৯০১ কোটি টাকা।
তিনি আরও জানান, জমি অধিগ্রহণের পর প্রকল্পটি বাস্তবায়নে চার বছর সময় লাগবে বলে প্রাথমিক পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে।
এস এম/ ১৩ অক্টোবর ২০২৬







