জাতীয়

রাশেদ খানের অভিযোগ, দিল্লিতে আওয়ামী লীগ ও বাংলাদেশে জামায়াত ষড়যন্ত্র করছে

রাশেদ খান

ঢাকা,১১ অক্টোবর-দিল্লিতে বসে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং বাংলাদেশে জামায়াতে ইসলামী দেশবিরোধী ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। রবিবার (১১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর মধ্যে গভীর ভালোবাসা ছিল। ১৯৮৬ সালে এরশাদের ক্ষমতা পাকাপোক্ত করতে জামায়াত ও আওয়ামী লীগ দেশ ও জনগণের বিরুদ্ধে চক্রান্ত করেছিল। তখন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের জনগণ সেই চক্রান্ত মোকাবিলা করেছিল। অর্থাৎ অতীতেও তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং বর্তমানে তা করছে।

তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে এবং বাংলাদেশে জামায়াতে ইসলামী হটকারী দেশবিরোধী ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র মোকাবিলা করতেও বিএনপি সক্ষম। জনগণ বিএনপি সরকারের পাশে থাকলে যেকোনো চাপ বা ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব।

এর আগে দুপুরে রাশেদ খান সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকায় অবস্থিত আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরীফে গিয়ে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁর সঙ্গে জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মাশফিকুর রহমানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এস এম/ ১১ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language