জাতীয়

রাশেদ খাঁনের দাবি, আওয়ামী লীগ ও জামায়াতের কথাবার্তায় পার্থক্য নেই

রাশেদ খাঁন

ঢাকা, ০২ অক্টোবর- শুক্রবার (২ অক্টোবর) চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগরে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। জুমার নামাজের আগে বাবুনগর মাদরাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাশেদ খাঁন। তিনি বলেন, ‘আমি হুজুরের দোয়া নিতে এসেছি।’

২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘শাপলা গণহত্যার বিচারের জন্য বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।’

জামায়াতে ইসলামীকে নিয়ে সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, ‘জামায়াত একদিকে ইসলামের কথা বলে, অন্যদিকে মুনাফেকি আচরণ করছে। ইসলামী মূল্যবোধের কথা বলে ইসলামের বুকে ছুরি মারবেন না।’

তিনি অভিযোগ করে বলেন, ‘জামায়াত মানুষকে বিভ্রান্ত করে মুনাফেকি করছে এবং কীভাবে সরকারে যাওয়া যায়, সেই চেষ্টা করছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষা আর জামায়াতের ভাষার মধ্যে কোনো পার্থক্য নেই।’

হেফাজতে ইসলামের আমিরের বক্তব্য প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, ‘আমির বলেছেন, সকলের উচিত এই সরকারকে সহযোগিতা করা।’

হেফাজতে ইসলামের ভূমিকা নিয়ে তিনি বলেন, ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ জামায়াতের মুনাফেকি আচরণের বিরুদ্ধে গিয়ে মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করছে।’

সৌজন্য সাক্ষাতে উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরী, জেলা কৃষক দলের সদস্যসচিব সাজিম উদ্দীন শাহিন, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীরসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এস এম/ ০২ অক্টোবর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language