জাতীয়
খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা ফেরদাউস বিন ইসহাকের ইন্তেকাল

ঢাকা, ৫ সেপ্টেম্বর – খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক ইন্তেকাল করেছেন। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে রাজধানীর মধ্যবাড্ডায় নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
শনিবার খেলাফত মজলিসের পক্ষ থেকে প্রেরিত এক শোক বার্তায় প্রবীণ এই আলেম ও রাজনীতিবিদের মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়। মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক ছিলেন চরমোনাই দরবারের প্রতিষ্ঠাতা পীর সৈয়দ মুহাম্মদ ইসহাকের তৃতীয় সন্তান।
পারিবারিক সূত্রে জানা গেছে যে মরহুমের মরদেহ বরিশালের চরমোনাইয়ে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলের শীর্ষ নেতারা।
এস এম/ ৫ সেপ্টেম্বর ২০২৬







