১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ শুরু, ৬ দফা দাবিতে কর্মসূচি

ঢাকা, ৫ সেপ্টেম্বর – গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার সকাল সোয়া ৮টার পর মতিঝিলের শাপলা চত্বর থেকে এই কর্মসূচি যাত্রা শুরু করে। এর আগে সকাল ৭টায় শাপলা চত্বরে সমাবেশ করে ১১ দলীয় ঐক্য জোট।
জোটের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করা। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিও জানানো হয়েছে।
আজকের এই কর্মসূচির অংশ হিসেবে বেশ কয়েকটি স্থানে পথসভা অনুষ্ঠিত হবে। এর মধ্যে নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজ সংলগ্ন ট্রাকস্ট্যান্ড, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাইয়ে সমাবেশ হওয়ার কথা রয়েছে। সর্বশেষ চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভার মাধ্যমে এই লং মার্চ শেষ হবে।
উল্লেখ্য যে গত ৬ আগস্ট জোটের শীর্ষ নেতা ডা. আমির শফিকুর রহমান সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত চারটি বিভাগীয় শহরে লং মার্চ ও ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছিলেন। সেই অনুযায়ী ১৯ সেপ্টেম্বর রংপুর, ১০ অক্টোবর খুলনা এবং ২৪ অক্টোবর সিলেটে লং মার্চ শেষে ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এস এম/ ৫ সেপ্টেম্বর ২০২৬







