জাতীয়

যুক্তরাষ্ট্রে ভিজিটর ভিসায় ভ্রমণকারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস

 

মার্কিন দূতাবাস

ঢাকা, ৫ সেপ্টেম্বর – বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। এই ভিসার আওতায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কোন ধরনের কর্মকাণ্ড বৈধ এবং কোনগুলো নিষিদ্ধ, সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা প্রদান করেছে দূতাবাস কর্তৃপক্ষ।

শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মার্কিন দূতাবাস জানায়, বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া বা ‘বার্থ ট্যুরিজম’ সম্পূর্ণ নিষিদ্ধ। বিশেষ করে শিশুর মার্কিন নাগরিকত্ব লাভের উদ্দেশ্যে এ ধরনের ভ্রমণ ভিসার শর্ত লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, এই ভিসার আওতায় যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায় এমন কোনো কাজ করা যাবে না। এছাড়া ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট অর্জনের উদ্দেশ্যে কোনো শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং পারিশ্রমিকের বিনিময়ে কাজ করাও বি১/বি২ ভিসায় অনুমোদিত নয়।

এর আগে গত ২২ আগস্ট বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্দেশ্যেও একটি সতর্কবার্তা জারি করেছিল দূতাবাস। সেখানে বলা হয়েছিল, পড়াশোনার বাইরে কাজ করা, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে শিক্ষা কার্যক্রম ত্যাগ করলে স্টুডেন্ট ভিসা বাতিল হতে পারে। ভিসার শর্তসমূহ যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

এস এম/ ৫ সেপ্টেম্বর ২০২৬

Back to top button