আইয়ুব বাচ্চুর গান নিয়ে ‘উত্তরাধিকার’ প্রকল্পের কার্যক্রম স্থগিত

ঢাকা, ৫ সেপ্টেম্বর – কিংবদন্তি রকস্টার আইয়ুব বাচ্চুর গান নতুন প্রজন্মের শিল্পীদের কণ্ঠে নতুন সংগীতায়োজনে তুলে ধরার উদ্যোগ নিয়েছিল ‘উত্তরাধিকার’। তবে গানগুলো প্রকাশের পর ভক্তদের একাংশের সমালোচনার মুখে প্রকল্পটির কার্যক্রম আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা।
আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে গত ১৬ আগস্ট ২০টি গান নিয়ে এই ট্রিবিউট অ্যালবামের যাত্রা শুরু হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী তার জনপ্রিয় গানগুলো নতুন সংগীতায়োজনে প্রকাশ করার কথা ছিল। ইতোমধ্যে কয়েকটি গান প্রকাশের পর নতুন বিন্যাস নিয়ে প্রশ্ন তোলেন অনুরাগীরা।
এরপর রাজধানীর ধানমন্ডিতে সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীদের এক জরুরি বৈঠকে প্রকল্পটি সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, অনলাইন প্ল্যাটফর্ম থেকে ইতোমধ্যে প্রকাশিত গানগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি প্রকাশের অপেক্ষায় থাকা ১৩টি গানও আপাতত প্রকাশ করা হবে না।
এলআরবির সদস্য শামীম আহমেদ জানান, আইয়ুব বাচ্চুর কালজয়ী সৃষ্টির যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। শীঘ্রই শিল্পীর পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে একটি প্যানেল গঠন করা হবে এবং তাদের মতামতের ভিত্তিতে গানগুলো পুনরায় প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তারও প্রকল্পটি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই সিদ্ধান্তে প্রকল্পের সঙ্গে যুক্ত শিল্পী ও কলাকুশলীদের মধ্যে কিছুটা হতাশা দেখা দিয়েছে। তাদের দাবি, আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা থেকেই তারা গানগুলো গেয়েছেন এবং এর পেছনে কোনো বাণিজ্যিক উদ্দেশ্য ছিল না।
শিল্পীরা মনে করেন, সমালোচনা করার অধিকার থাকলেও গান গাওয়াই যাবে না এমন মানসিকতা কাম্য নয়। ‘উত্তরাধিকার’ প্রকল্পের আওতায় বাপ্পা মজুমদারের কণ্ঠে ‘রুপালি গিটার’, সোনার বাংলা সার্কাসের ‘গতকাল রাতে’, কানিজ সুবর্ণার ‘কষ্ট পেতে ভালোবাসি’ সহ মোট সাতটি গান প্রকাশিত হয়েছিল। এখন পরিবারের সঙ্গে আলোচনার মাধ্যমেই নির্ধারিত হবে এই প্রকল্পের ভবিষ্যৎ।
এস এম/ ৫ সেপ্টেম্বর ২০২৬







