ক্রিকেট

অনূর্ধ্ব-১৭ দলকে হারিয়ে জিডি ট্রফিতে অপরাজিত অনূর্ধ্ব-১৯

বাংলাদেশ ক্রিকেট

ঢাকা, ৩ সেপ্টেম্বর – জিডি ট্রফিতে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বৃহস্পতিবার মিরপুর শের এ বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অনূর্ধ্ব-১৭ দলকে ১১৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। আবদুল্লাহ আল মুহি, কাউসার আহমেদ ও রাকিবুল হাসান রুসাফির নৈপুণ্যে এই জয় পায় যুব দলটি।

টুর্নামেন্টে টানা তিন ম্যাচে জয় পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে অনূর্ধ্ব-১৯ দল। অন্যদিকে টানা তিন হারে টেবিলের তলানিতে অবস্থান করছে অনূর্ধ্ব-১৭ দল।

টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে অনূর্ধ্ব-১৯ দলের দুই ওপেনার মুহি ও কাউসার দুর্দান্ত সূচনা করেন। উদ্বোধনী জুটিতে ১০৮ বলে ১১৫ রান তুলে নেন তারা। মুহি ৫২ বলে ৫৯ রান করে মুহিব জগিরদারের বলে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর কাউসার আহমেদ ৭৪ বলে ৬৫ রানের ইনিংস খেলে দলকে মজবুত ভিত দেন। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৬ রানের বড় সংগ্রহ গড়ে অনূর্ধ্ব-১৯ দল।

অনূর্ধ্ব-১৭ দলের পক্ষে মাজেদুল তিনটি এবং লিখন, মুহিব, ইফতেখার ও ইমরান ভূঁইয়া একটি করে উইকেট নেন। বিশাল রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে অনূর্ধ্ব-১৭ দল।

ওপেনার নূর এ আলম ৩৫ বলে ১৩ রান করে মেহেরাব হোসেন সিজানের বলে আউট হন। এরপর অধিনায়ক লরেঞ্জ রায় এক প্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নিলেও অন্য ব্যাটারদের ব্যর্থতায় দলের রান এগোয়নি। অলরাউন্ডার সুজন ৭৭ বলে ৪৪ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে ৫০ ওভার খেলে ১৭১ রানেই সীমাবদ্ধ থাকে অনূর্ধ্ব-১৭ দলের ইনিংস।

অনূর্ধ্ব-১৯ দলের বোলারদের মধ্যে রুসাফি তিনটি, শাকিল খান ও রবিউল হাসান অনিক দুটি করে এবং রুবাই ইসলাম জীবন ও সিজান একটি করে উইকেট নিয়ে দলের বড় জয় নিশ্চিত করেন।

এনএন/ ৩ সেপ্টেম্বর ২০২৬

Back to top button