পশ্চিমবঙ্গ

কাকে সুবিধে দিতে ৮ দফায় ভোট, নির্বাচন কমিশনকে প্রশ্ন মমতার

কলকাতা, ২৬ ফেব্রুয়ারি – ৮ দফায় ভোট কেন? কাকে সুবিধা করে দেওয়ার জন্য? নির্বাচন কমিশনকে প্রশ্ন করলেন ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ তাঁর দাবি, বিজেপির অনুরোধে এটা করা হয়েছে।

ভোটের দিন ঘোষণা হতেই কালীঘাটের বাড়িতে দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে বসেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর মমতা কমিশনের উদ্দেশ্য বলেন, “ধন্যবাদ জানাচ্ছি। মুবারক জানাচ্ছি। কোথাও কোথাও একটা প্রশ্ন এসে যাচ্ছে। বিহারে ২৪০টি আসনে ৩টি দফায় নির্বাচন। অসমে ৩টি দফায়। তামিলনাড়ুতে ২৩৪টি আসনে একদিনে নির্বাচন। কেরলে সিপিএমের সরকার এক দফায়। বাংলায় ২৯৪টি আসন। তারা রাজ্যকে সুবিচার না দিলে কোথায় যাবে জনগণ?”

‘বিশেষ’ কাউকে বাংলায় সুবিধা পাইয়ে দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, সেই প্রশ্নও তুলেছেন মমতা। তিনি বলেন, “বিজেপি-র হাতে এজেন্সি রয়েছে। ভোটের আগে এজেন্সিগুলির অপব্যবহার করছে তারা। ভোটের আগে বাংলায় টাকা পাঠাচ্ছে। আমরা সব বুঝতে পারছি। কমিশনকে বলছি, টাকার খেলা বন্ধ করুন।’’মমতার মন্তব্য, ‘‘মিস্টার নরেন্দ্র মোদী, মিস্টার অমিত শাহ, আপনাদের বলে দিচ্ছি, বাংলার মানুষ এর জবাব দেবেন! আমিই একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। এক মহিলাকে এত ভয়!’’

আরও পড়ুন : পশ্চিমবঙ্গে ভোট ২৭ মার্চ, ফল ২ মে

এদিন কালীঘাটের বাড়িতে মহাযজ্ঞের আয়োজন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ বাড়ি লাগোয়া তৃণমূলের কার্যালয়ে যজ্ঞ হয়। সকাল থেকে সেই যজ্ঞে বসে ছিলেন যুব তৃণমূলের সভাপতি, সাংসদ তথা দলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছিলেন মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। পুরীর মন্দিরের দ্বৈতাপতি এই যজ্ঞ করেছেন।

ভোটের দিনক্ষণ ঘোষণার দিন তৃণমূলের এই যজ্ঞ, যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে। তবে ভোটের দিন ঘোষণার সঙ্গে যজ্ঞের কোনও সংযোগ নেই বলে দাবি তৃণমূলের। তাদের দাবি, শুক্রবারের যজ্ঞ আগে থেকেই পরিকল্পিত।

মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা এদিন ঘোষণা করেছেন, পশ্চিমবঙ্গ ভোট হবে আট দফায়।

একনজরে কবে কোথায় ভোট:

প্রথম দফা: ভোট ২৭ মার্চ। এই দফায় ভোট হবে ৩০টি আসনে। পুরুলিয়া, বাঁকুড়া-১, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর-১, পূর্ব মেদিনীপুর-১-এ ভোট গ্রহণ হবে।

দ্বিতীয় দফা: ভোট ১রা এপ্রিল। ৩০ টি আসনে হবে। ভোট গ্রহণ হবে, বাঁকুড়া-২, পশ্চিম মেদিনীপুর- ২, পূর্ব মেদিনীপুর- ২, দক্ষিণ ২৪ পরগনা – ১।

তৃতীয় দফা: ভোট হবে ৬ এপ্রিল। ৩১ টি আসনে হবে। এই দফায় হাওড়া -২, হুগলি – ২, দক্ষিণ ২৪ পরগনা – ৩,।

চতুর্থ দফা: ভোট হবে ১০ এপ্রিল। ৪৪ টি আসনে হবে। হাওড়া-২, হুগলি- ২, দক্ষিণ ২৪ পরগনা- ৩, আলিপুরদুয়ার, কোচবিহারে ভোট।

পঞ্চম দফা: ৪৫ আসন ভোট হবে ১৭ এপ্রিল। এই পর্যায়ে ভোট হবে, উত্তর ২৪ পরগনা-১, নদিয়া- ১, পূর্ব বর্ধমান-১ , দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি৷

ষষ্ঠ দফা: ভোট হবে ২২ এপ্রিল। এই পর্যায়ে ভোট গ্রহণ হবে ৪৩ আসনে। যেসব জেলায় ভোট হবে সেগুলো হল উত্তর ২৪ পরগনা-১, নদিয়া- ১, পূর্ব বর্ধমান-১ , উত্তর দিনাজপুর।

সপ্তম দফা: ভোট গ্রহণ হবে ২৬ এপ্রিল। মালদহ-১, মুর্শিদাবাদ-১, পশ্চিম বর্ধমান, দক্ষিণ দিনাজপুর কলকাতা দক্ষিণ।

অষ্ঠম দফা: ভোট হবে ২৯ এপ্রিল। মালদহ-২, মুর্শিদাবাদ-২, কলকাতা উত্তর, বীরভূমের ৩৫ টি আসনে ভোট হবে।

অষ্ঠম দফায় ভোট হবে ২৯ এপ্রিল। মালদহ-২, মুর্শিদাবাদ-২, কলকাতা উত্তর, বীরভূমের ৩৫ টি আসনে ভোট হবে।

সূত্র : কলকাতা২৪
এন এইচ, ২৬ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language