জাতীয়

শাহজালাল বিমানবন্দরে শুল্ক গোয়েন্দার অভিযান, ২৮ লাখ টাকার পণ্য জব্দ

ঢাকা, ৩১ আগস্ট – ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, প্রসাধনী, জর্দা ও মদ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা বলে জানা গেছে।

গত রবিবার বিমানবন্দরের বি ও সি শিফটের পৃথক তল্লাশিতে পাঁচ যাত্রীর কাছ থেকে এসব পণ্য উদ্ধার করা হয়। সোমবার সংস্থাটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সিআইআইডি জানায় যে শুল্ক গোয়েন্দার মহাপরিচালকের কাছে আসা গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নজরদারি চালায় বি শিফট।

গ্রিন চ্যানেল অতিক্রমের সময় হিমেল ও শারমিন আক্তার নামের দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৫৪০ কার্টন সিগারেট ও ১ দশমিক ২৪ কেজি হোয়াইটেনিং সিরাম উদ্ধার করা হয় যার মূল্য প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা। অন্য অভিযানে রাত ২টা ১০ মিনিটে দিল্লি থেকে আসা এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে মাহাথে হাসান বাবু ও সোহদুল হাসান শাকিল নামের দুই যাত্রীর কাছ থেকে ৮৫ কার্টন সিগারেট ও জর্দা পাওয়া যায়।

এছাড়া কাতার থেকে আসা রফিকুল সরদার নামের অপর এক যাত্রীর ব্যাগ থেকে ৩ লিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে। দুই শিফটের সম্মিলিত অভিযানে মোট ৬২৫ কার্টন সিগারেটসহ প্রায় ২৮ লাখ টাকার পণ্য উদ্ধার করা হয়।

এস এম/ ৩১ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language