দক্ষিণ আমেরিকা

ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্ট লেনিন মোরেনোর ৫ বছরের কারাদণ্ড

কিটো, ২৯ আগস্ট – ইকুয়েডরের একটি মেগা জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে দুর্নীতির অভিযোগে দেশটির সাবেক প্রেসিডেন্ট লেনিন মোরেনোকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। শুক্রবার এক রায়ে ৭৩ বছর বয়সী এই সাবেক প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করার পাশাপাশি ভবিষ্যতে কোনো সরকারি পদে দায়িত্ব পালনের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়।

মোরেনোর পাশাপাশি তার স্ত্রী, মেয়ে, দুই ভাই, ভাবি এবং ইকুয়েডরে নিযুক্ত চীনের সাবেক রাষ্ট্রদূত কাই রুঙ্গুকেও একই মামলায় কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার তথ্য অনুযায়ী, ২০১৬ সালে চালু হওয়া কোকা কোডো সিনক্লেয়ার জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণকাজে বড় ধরনের ঘুষ লেনদেন হয়।

চীনা প্রতিষ্ঠান সিনোহাইড্রো ২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যে প্রায় ৭ কোটি ৬১ লাখ ডলার ঘুষ দিয়েছে বলে তদন্তে উঠে এসেছে। প্রসিকিউশন জানায়, সরাসরি অর্থ লেনদেনের পরিবর্তে বিভিন্ন ভুয়া পরামর্শক চুক্তি এবং বিদেশি ব্যাংক হিসাবের মাধ্যমে এই অর্থ পাচার করা হয়েছিল।

অভিযোগ রয়েছে যে, ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইকুয়েডরের ভাইস প্রেসিডেন্ট থাকাকালে মোরেনো ও তার পরিবার এই অর্থ থেকে অন্তত ১০ লাখ ডলার গ্রহণ করেন। ট্রাইব্যুনালের প্রধান বিচারক ম্যানুয়েল ক্যাব্রেরা রায় ঘোষণাকালে বলেন যে রাষ্ট্রপক্ষ মোরেনোর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে।

২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা মোরেনো অবশ্য নিজেকে নির্দোষ দাবি করে আসছেন। তার মতে এই মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত এবং প্রকল্পের চুক্তির সঙ্গে তার কোনো সরাসরি সম্পৃক্ততা ছিল না। তবে আদালত তার সেই দাবি নাকচ করে দিয়ে এই দণ্ডাদেশ প্রদান করেন।

এস এম/ ২৯ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language