জাতীয়

তিন সংস্থা মিলে গঠিত হলো ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ, চেয়ারম্যান আশিক চৌধুরী

ঢাকা, ২৩ আগস্ট – বিনিয়োগ সংক্রান্ত সরকারি কার্যক্রমে সমন্বয় ও গতিশীলতা আনতে তিনটি গুরুত্বপূর্ণ সংস্থাকে একই ছাতার নিচে নিয়ে এসেছে সরকার। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষকে (পিপিপিএ) একীভূত করে গঠন করা হয়েছে নতুন সংস্থা ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ।

এই সংক্রান্ত প্রজ্ঞাপন গত বৃহস্পতিবার জারি করা হয়েছে। এখন থেকে দেশের সব বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম নতুন এই কর্তৃপক্ষের অধীনেই পরিচালিত হবে। নতুন এই সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ইনভেস্ট বাংলাদেশ আইন ২০২৩ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে এক বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

যোগদানের তারিখ থেকে তার নিয়োগের মেয়াদ শুরু হবে। এই সময়ে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে থাকা সব ধরনের কর্ম সম্পর্ক ত্যাগ করতে হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এই সংস্থায় চুক্তিভিত্তিতে আরও দুইজন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

তারা হলেন সচিব পদমর্যাদার অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মোহম্মদ শাহারুল হুদা এবং অতিরিক্ত সচিব পদমর্যাদার নাহিয়ান রহমান রচি। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।

এস এম/ ২৩ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language