সচিবালয়ে প্রথম অফিস করলেন স্থানীয় সরকার মন্ত্রী

ঢাকা, ২৩ আগস্ট – মন্ত্রিসভায় যোগ দেওয়ার পর প্রথমবারের মতো সচিবালয়ে নিজ দপ্তরে অফিস করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। রবিবার সকাল ৯টার দিকে ড. আবদুল মঈন খান সচিবালয়ে পৌঁছালে মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
পরবর্তীতে সকাল ১০টায় তিনি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। এই সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন। অন্যদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী আন্দালিব রহমান পার্থও আজ তার প্রথম কার্যদিবস পালন করেন।
তিনি সকাল ৮টা ২০ মিনিটে সচিবালয়ে উপস্থিত হন এবং ৯টা ৩০ মিনিটে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
এসময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং সচিব মাহবুবা ফারজানাসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এস এম/ ২৩ আগস্ট ২০২৬







