ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক নিরাময় কেন্দ্রে রোগীর মৃত্যু: জানালা ভেঙে পালালেন ৪০ জন

ব্রাহ্মণবাড়িয়া, ২০ আগস্ট – ব্রাহ্মণবাড়িয়ার ‘প্রয়াস’ মাদক নির্ভরশীলতার চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন মো. ফোরকান নামের এক রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনার পর নিজেদের নিরাপত্তার আশঙ্কায় কেন্দ্রটিতে থাকা প্রায় ৪০ জন রোগী জানালা ভেঙে পাশের ভবনের ছাদে লাফিয়ে পড়ে পালিয়ে গেছেন।

গত বুধবার দুপুরে শহরের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ফোরকান নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামের রশিদ মিয়ার ছেলে। তিনি কাতার প্রবাসী ছিলেন এবং মাস ছয়েক আগে ছুটিতে দেশে ফেরেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড সংলগ্ন একটি ভবনের তৃতীয় তলায় কেন্দ্রটি পরিচালিত হয়। অভিযোগ উঠেছে, গত মঙ্গলবার রাতে কেন্দ্রের পরিচালক ও কর্মীদের মারধরে ফোরকানের মৃত্যু হয়। এই খবর ছড়িয়ে পড়লে অন্য রোগীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং তারা বুধবার দুপুরে সেখান থেকে পালানোর সিদ্ধান্ত নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোগীরা নিরাময় কেন্দ্রের জানালা ভেঙে পাশের একটি ভবনের ছাদে লাফিয়ে পড়েন এবং দ্রুত পালিয়ে যান। রোগীদের এভাবে পালিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফোরকানের স্বজনদের অভিযোগ, সুস্থ করে তোলার জন্য তাকে কেন্দ্রে ভর্তি করা হলেও পাঁচ দিনের মাথায় তাকে হত্যা করা হয়েছে।

কেন্দ্রের পরিচালক প্রমোদ বর্মন অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ফোরকান অসুস্থ হয়ে হাসপাতালে মারা গেছেন এবং স্থানীয়দের হামলার ভয়ে রোগীরা পালিয়েছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সাজেদুল হাসান জানান, বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হবে।

এস এম/ ২০ আগস্ট ২০২৬

Back to top button