জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি ২০২৭

ঢাকা, ২১ সেপ্টেম্বর- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আগামী বছরের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদদীন।
সোমবার দুপুরে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে দ্বিতীয় সমাবর্তনের চূড়ান্ত তারিখ ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক মো. রইছ উদদীন।
বাংলাদেশ প্রতিদিনকে উপাচার্য অধ্যাপক রইছ উদদীন বলেন, সমাবর্তন উপলক্ষে পুরোদমে প্রস্তুতি নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছেন তিনি। পাশাপাশি সবার সহযোগিতাও কামনা করেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলায় দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে।
উপাচার্য আরও বলেন, বহুল কাঙ্ক্ষিত দ্বিতীয় সমাবর্তনের জন্য এখন পুরোদমে প্রস্তুতি নেওয়ার পালা। এ আয়োজন সফল করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী, গ্র্যাজুয়েটসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
এর আগে গত ২৩ আগস্ট উপাচার্য জানিয়েছিলেন, রাষ্ট্রপতির অনুমোদনক্রমে ২০২৭ সালের ৩০ জানুয়ারি দ্বিতীয় সমাবর্তনের খসড়া তারিখ নির্ধারণ করা হয়েছে। সমাবর্তনের সম্ভাব্য ভেন্যু হিসেবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ (ধূপখোলা মাঠ) প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছিল।
এস এম/ ২১ সেপ্টেম্বর ২০২৬







