ইরান যুদ্ধের প্রভাবে বছরের শেষ প্রান্তিকে ইউরোপে জেট ফুয়েল ঘাটতির আশঙ্কা

লন্ডন, ২১ সেপ্টেম্বর- ইরানকে ঘিরে চলমান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় চলতি বছরের শেষ প্রান্তিকে অর্থাৎ চতুর্থ প্রান্তিকে ইউরোপে জেট ফুয়েলের ঘাটতি দেখা দিতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জ্বালানি পরামর্শক প্রতিষ্ঠান এনার্জি অ্যাসপেক্টসের তথ্যের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, অক্টোবর থেকে ডিসেম্বর—এই তিন মাসে ইউরোপে প্রতিদিন প্রায় ৫ লাখ ১০ হাজার ব্যারেল জেট ফুয়েলের ঘাটতি হতে পারে। বিপরীতে একই সময়ে যুক্তরাষ্ট্রে দৈনিক ১৮ হাজার ব্যারেল এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ৪ লাখ ১৯ হাজার ব্যারেল উদ্বৃত্ত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।
ইউরোপের ঘাটতি মোকাবিলায় এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া থেকে জেট ফুয়েল আমদানি বাড়ছে। পণ্যবাজারবিষয়ক তথ্য ও বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলার (Kpler)-এর তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের এখন পর্যন্ত দক্ষিণ কোরিয়া থেকে ইউরোপে দৈনিক গড়ে প্রায় ১ লাখ ২৯ হাজার ব্যারেল জেট ফুয়েল এসেছে। ২০২২ সালের অক্টোবরের পর এটি সর্বোচ্চ।
তবে সরবরাহ বাড়লেও ইউরোপের ঘাটতি পুরোপুরি পূরণ করা কঠিন হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরানকে ঘিরে চলমান যুদ্ধের কারণে ইউরোপের জেট ফুয়েল আমদানির প্রায় অর্ধেক সরবরাহ ব্যাহত হয়েছে। এর ফলে অঞ্চলটির বিমান জ্বালানি সরবরাহব্যবস্থায় চাপ আরও বাড়ছে।
এস এম/ ২১ সেপ্টেম্বর ২০২৬







