জাতীয়

সৌদি আরবে নিহত ১৬ বাংলাদেশির পরিবারকে বিশেষ সহায়তার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা, ১০ আগস্ট – সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি কর্মীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি নিহতদের প্রত্যেক পরিবারকে বিশেষ মানবিক সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত উচ্চ পর্যায়ের এক আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভায় এ বিষয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

সভায় পররাষ্ট্র সচিবের সভাপতিত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, রিয়াদের বাংলাদেশ দূতাবাস, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, বিএমইটি এবং বাংলাদেশ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সভায় নিহতদের মরদেহ দ্রুত শনাক্তকরণ এবং সরকারি ব্যবস্থাপনায় ও খরচে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে বাংলাদেশ দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সহায়তায় মরদেহ শনাক্তকরণের কাজ দ্রুত সম্পন্ন করবে। সকল আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো সরকারি খরচে দেশে আনা হবে এবং সৎকার সম্পন্ন হবে।

প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশ অনুযায়ী ১৬ জন নিহতের প্রত্যেকের পরিবারকে এককালীন আর্থিক অনুদান প্রদান করা হবে। এর আগে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।

বর্তমানে বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।

গত রোববার রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ এই আগুনের ঘটনা ঘটে যাতে ১৬ জন প্রবাসী বাংলাদেশি প্রাণ হারান।

এনএন/ ১০ আগস্ট ২০২৬


Back to top button