জাতীয়

নিবন্ধিত হকার ছাড়া কেউ সড়কে বসতে পারবে না: ডিএসসিসি প্রশাসক

ঢাকা, ৯ আগস্ট – ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম জানিয়েছেন যে নিবন্ধিত হকার ছাড়া আর কেউ রাজধানীর রাস্তায় বসতে পারবে না। হকার সমস্যা সমাধানে আগামী এক সপ্তাহের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের চেষ্টা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবে কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। হকার পুনর্বাসন ব্যবস্থাপনায় জাতীয় নীতিমালার বিকল্প নেই শীর্ষক এই সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক বলেন, হকার সমস্যা একটি দীর্ঘস্থায়ী সংকট এবং এর স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও জানান, অতীতে বিভিন্ন সময়ে হকার পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। এবার হকারদের শৃঙ্খলার মধ্যে আনতে তাদের তালিকা প্রণয়ন করে আইডি কার্ড বা পরিচয়পত্র প্রদান করা হবে।

এছাড়া হকারদের জন্য নির্দিষ্ট দিনে হলিডে মার্কেট চালু করার পরিকল্পনার কথা জানান তিনি। প্রশাসক আরও বলেন, পুনর্বাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে প্রতি সপ্তাহে বিভিন্ন হকার্স সমিতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা হবে এবং আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধানের পথ খোঁজা হবে।

এস এম/ ৯ আগস্ট ২০২৬


Back to top button