জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম ও কক্সবাজার সফর আজ

ঢাকা, ৯ আগস্ট – প্রধানমন্ত্রী তারেক রহমান আজ চট্টগ্রাম ও কক্সবাজার জেলা সফরে যাচ্ছেন। রবিবার সকালে প্রধানমন্ত্রী ঢাকা থেকে হেলিকপ্টারে করে প্রথমে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে পৌঁছাবেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই সফরের তথ্য নিশ্চিত করেছেন।

সরকারি সূচি অনুযায়ী সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এবং কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনের পাশাপাশি মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন করবেন। এরপর তিনি বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দেবেন।

দুপুর দেড়টার দিকে ফটিকছড়ি উপজেলার আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় যাওয়ার কথা রয়েছে তার। সফরসূচি অনুযায়ী বিকেলে তিনি হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোতে বিরতি নিয়ে হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন।

সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে একটি সাংগঠনিক সভায় যোগদান শেষে রাতে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

এস এম/ ৯ আগস্ট ২০২৬


Back to top button