ব্যবসা

সোনার বাজারে ফের উত্তাপ: ভরিতে বাড়ল ৪৩৭৪ টাকা

ঢাকা, ৮ আগস্ট – দেশের বাজারে সোনার গয়নার দাম পুনরায় বাড়ানো হয়েছে। সবথেকে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গয়নার দাম ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, শনিবার সকাল ১০টা থেকে এই নতুন দর কার্যকর হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় শনিবার এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত গৃহিত হয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে সোনার ঊর্ধ্বমুখী প্রবণতার কারণেই দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, এখন থেকে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গয়নার দাম পড়বে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। এর পাশাপাশি ২১ ক্যারেটের সোনার ভরি ৪ হাজার ১৯৯ টাকা বেড়ে ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা এবং ১৮ ক্যারেটের ভরি ৩ হাজার ৫৫৭ টাকা বেড়ে ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির সোনার গয়নার দামও ২ হাজার ৯৭৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা করা হয়েছে।

এর আগে গত ৭ আগস্ট সোনার দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। তবে তার আগের দিন অর্থাৎ ৬ আগস্ট দাম ৯ হাজার ৮৫৬ টাকা বাড়ানো হয়েছিল।সাম্প্রতিক সময়ে সোনার বাজারে এই ঘন ঘন দর পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে।

সোনার দাম বাড়লেও রুপার গয়নার দামে কোনো পরিবর্তন আসেনি। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গয়নার দাম ৪ হাজার ৮৯৯ টাকাই রয়েছে। এছাড়া ২১ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার গয়নার দাম ৩ হাজার ৩৩ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

এনএন/ ৮ আগস্ট ২০২৬

Back to top button
🌐 Read in Your Language