ইউরোপ

গ্রিসের ক্রিট উপকূলে ২০২ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার, বেশিরভাগই বাংলাদেশি ও সুদানি

অ্যাথেন্স, ৮ আগস্ট – গ্রিসের ক্রিট দ্বীপের উপকূল থেকে অন্তত ২০২ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া এসব ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি ও সুদানের নাগরিক রয়েছেন। এছাড়া তাদের মধ্যে কয়েকজন মিশরের নাগরিকও রয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে মিডল ইস্ট মনিটর।

জানা গেছে, গত ৪৮ ঘণ্টার কম সময়ের মধ্যে কয়েকটি নৌকায় করে তারা লিবিয়া উপকূল থেকে যাত্রা শুরু করে ক্রিট দ্বীপে পৌঁছান। বিপুল সংখ্যক অভিবাসীর আগমনে দ্বীপটির অভ্যর্থনা কেন্দ্রগুলোর ওপর ব্যাপক চাপ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার সকালে ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের একটি বিমান ইরাপেত্রার দক্ষিণ পূর্বাঞ্চলে একটি নৌকা শনাক্ত করে যেখানে অন্তত ৪০ জন যাত্রী ছিলেন। পরে গ্রিক কোস্টগার্ড একটি মাছ ধরার নৌকার সহায়তায় তাদের ইরাপেত্রা বন্দরে নিয়ে যায়। সেখানে তাদের নিবন্ধন ও পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়।

এর আগে আরও দুটি নৌকা থেকে ১১২ জনকে উদ্ধার করা হয়েছিল। প্রথম নৌকাটিতে ২৫ জন বাংলাদেশি ও ৩১ জন সুদানি নাগরিক ছিলেন। দ্বিতীয় নৌকাটিতে ৪৭ জন বাংলাদেশি ও ৯ জন মিশরীয় নাগরিক ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বর্তমানে উদ্ধারকৃতদের হেরাক্লিয়ন বন্দরের অস্থায়ী আবাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

এদিকে মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দক্ষিণ সুদানের ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে গ্রিক পুলিশ। প্রাথমিক তথ্য অনুযায়ী, লিবিয়ার তবরুক শহর থেকে নৌকাটি পরিচালনার বিনিময়ে প্রত্যেকের কাছ থেকে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ডলার নেওয়া হয়েছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এনএন/ ৮ আগস্ট ২০২৬

Back to top button
🌐 Read in Your Language