ঢাকা মেডিকেলের ইনফার্টিলিটি সেন্টারে আধুনিক যন্ত্রপাতি বসানোর উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা, ২০ সেপ্টেম্বর- দেশে বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ঢাকা মেডিকেল কলেজের ইনফার্টিলিটি সেন্টারে প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আগামী বাজেটে এ উদ্যোগ বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে বন্ধ্যাত্বের চিকিৎসায় দক্ষ চিকিৎসক তৈরিতে প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়েছেন মন্ত্রী।
রবিবার ঢাকা মেডিকেল কলেজের রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি ইউনিটে পলিসিস্টিক ওভ্যারি সিনড্রোম (পিসিওএস) সচেতনতা মাস উপলক্ষে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বন্ধ্যাত্বের চিকিৎসাও গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবার একটি অংশ। কোনো দম্পতি সন্তান জন্ম দিতে না পারলে অনেক সময় তাদের সামাজিক কটূক্তি ও হয়রানির শিকার হতে হয়। চিকিৎসার মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব হলে এ ক্ষেত্রে পিছিয়ে থাকার কোনো কারণ নেই।
দেশে বন্ধ্যাত্বের চিকিৎসা নিতে রোগীদের বিদেশমুখী প্রবণতা কমানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দেশের মেধাবী চিকিৎসকেরা সক্ষম হলেও অনেক রোগী ভারত ও থাইল্যান্ডে চিকিৎসা নিতে যান। এতে বিপুল বৈদেশিক মুদ্রা দেশের বাইরে চলে যায়। বিদেশের সমমানের চিকিৎসা দেশে সম্ভব—এমন আস্থা তৈরি করতে বন্ধ্যাত্বের চিকিৎসা বিষয়ে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি জেলা ও গ্রাম পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হবে।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বন্ধ্যাত্বের সমস্যায় থাকা নারী ও তাদের পরিবারকে দেশে চিকিৎসা নিতে উৎসাহিত করা হবে। শতকরা ৮০টি ক্ষেত্রেও যদি আমরা সফল হই, সেটিই দেশের জন্য বড় সাফল্য।
বন্ধ্যাত্বের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের প্রশংসা করে তিনি বলেন, তাদের সহযোগিতা পেলে প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ ন ম বজলুর রশীদ, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. মাজহারুল শাহীন এবং ঢাকা মেডিকেল কলেজের ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন।
এস এম/ ২০ সেপ্টেম্বর ২০২৬
FAQ
ঢাকা মেডিকেলে বন্ধ্যাত্বের চিকিৎসা নিয়ে কী নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে?
ঢাকা মেডিকেল কলেজের ইনফার্টিলিটি সেন্টারে প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
যন্ত্রপাতি স্থাপনের উদ্যোগ কবে বাস্তবায়নের কথা?
মন্ত্রী জানিয়েছেন, আগামী বাজেটে এ উদ্যোগ বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে। তবে নির্দিষ্ট বাস্তবায়নের তারিখ এখনও জানানো হয়নি।
বন্ধ্যাত্বের চিকিৎসায় কি নতুন চিকিৎসক প্রশিক্ষণ দেওয়া হবে?
হ্যাঁ। বন্ধ্যাত্বের চিকিৎসায় দক্ষ চিকিৎসক তৈরিতে প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
কেন রোগীদের বিদেশে চিকিৎসা নেওয়া কমাতে চাইছে সরকার?
মন্ত্রী বলেছেন, অনেক রোগী ভারত ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে বন্ধ্যাত্বের চিকিৎসা নিতে যান। দেশে আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়িয়ে চিকিৎসার জন্য বিদেশমুখী প্রবণতা কমানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
পিসিওএস সচেতনতা মাস উপলক্ষে কোথায় সেমিনারটি হয়েছে?
ঢাকা মেডিকেল কলেজের রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি ইউনিটে ২০ সেপ্টেম্বর ২০২৬ এই বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।







