জাতীয়

প্রধানমন্ত্রীর নামে আপত্তিকর পোস্ট: এনসিপি নেতা তানভীর ঢাকা থেকে গ্রেফতার

ঢাকা, ৫ আগস্ট – প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা থেকে গ্রেফতার করার পর তাকে বগুড়ায় নিয়ে যাওয়া হচ্ছে।

সিলেটে এনসিপির একটি পথসভায় হামলার অভিযোগকে কেন্দ্র করে গাজী সালাউদ্দিন তানভীর তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে মানহানিকর পোস্ট দিয়েছিলেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে পরবর্তীতে তিনি পোস্টটি মুছে ফেলে দুঃখ প্রকাশ করেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে দল থেকেও অব্যাহতি দেওয়া হয়। এই ঘটনায় বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে গত ২ আগস্ট তানভীরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে, তানভীরের ওই পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি করার পাশাপাশি জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাতে ঢাকার মনিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে এখন বগুড়ায় আনা হচ্ছে এবং এ বিষয়ে পরবর্তী সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে।

এস এম/ ৫ আগস্ট ২০২৬


Back to top button