জাতীয়

ঢাকা মেডিকেলে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে চিকিৎসাসেবা বিঘ্নিত

ঢাকা, ৪ আগস্ট – ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নতুন ধারা বাংলাদেশ এবং রাষ্ট্র সংলাপ ফোরাম নামের দুটি সংগঠনের কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘাতের জেরে হাসপাতালের জরুরি বিভাগে প্রায় দেড় ঘণ্টা চিকিৎসা সেবা বন্ধ থাকে। পরবর্তীতে চিকিৎসা পুনরায় চালু হলেও ফের হামলার আশঙ্কায় সেবা কার্যক্রম আবারও ব্যাহত হয়।

মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।

জানা গেছে নতুন ধরা বাংলাদেশ সেখানে মশাল মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করছিল। সেই সময় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। পরে রাত সাড়ে ৮টার দিকে উভয় পক্ষই আহত অবস্থায় চিকিৎসা নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসলে সেখানে দ্বিতীয় দফায় সংঘর্ষ শুরু হয়।

এই সংঘর্ষে নতুন ধরা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা এবং সাংগঠনিক সম্পাদক আতাপ মন্ডলসহ অন্তত ছয়জন আহত হন। অন্যদিকে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্য সচিব আয়াসসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

আহত শান্তা ফারজানা অভিযোগ করেন যে তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলেন কিন্তু হঠাৎ আয়াসের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসা নিতে এসেও তারা পুনরায় হামলার শিকার হয়ে জরুরি বিভাগে আটকা পড়েন।

এদিকে আয়াস দাবি করেছেন যে শহীদ আবু সাঈদকে নিয়ে অবমাননাকর মন্তব্য এবং ধর্মের অবমাননা করার প্রতিবাদ জানালে তাদের ওপর হামলা চালানো হয়েছে।

ঘটনার সংবাদ পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি বিভাগের চিকিৎসকদের নিয়ে বিশেষ বৈঠকে বসেন। বর্তমানে হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

এনএন/ ৪ আগস্ট ২০২৬


Back to top button