জাতীয়

সকল অংশীজনের সঙ্গে আলোচনা করে সংবিধান সংশোধন চূড়ান্ত করা হবে: সালাহউদ্দিন আহমদ

ঢাকা, ৪ আগস্ট – জুলাই আন্দোলনের সকল অংশীজনের সাথে বিস্তারিত আলোচনার মাধ্যমেই বাংলাদেশের সংবিধান সংশোধনের বিষয়টি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন এই প্রক্রিয়ার জন্য গঠিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার সংসদ ভবনের কেবিনেট কক্ষে আয়োজিত কমিটির প্রথম বৈঠকে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

বৈঠকে সংবিধান সংশোধনকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করে কমিটির সদস্যরা বলেন যে এই প্রক্রিয়ায় জাতির প্রত্যাশা প্রতিফলিত হবে। সংশোধনের প্রস্তাবনা চূড়ান্ত করার লক্ষ্যে জুলাই আন্দোলনের বীর যোদ্ধা, নিহতদের পরিবারের সদস্য, সংবিধান বিশেষজ্ঞ এবং সুপ্রিম কোর্টের আইনজীবীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করা হবে।

এছাড়া অবসরপ্রাপ্ত বিচারক, গণমাধ্যম প্রতিনিধি, শিক্ষক সমাজ, বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং বিরোধী দলের প্রতিনিধিদের মতামতকেও সমান গুরুত্ব দেওয়া হবে।

কমিটি মনে করে সংবিধানকে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া প্রয়োজন যেখানে সমাজের সকল শ্রেণি ও পেশার মানুষ নিজেদের অংশীজন হিসেবে অনুভব করবেন। এর ফলে আগামী প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ ও কার্যকরী রাষ্ট্রকাঠামো নিশ্চিত করা সম্ভব হবে।

মূলত জুলাই চেতনা ও জুলাই সনদকে মূল ভিত্তি হিসেবে রেখেই এই সংশোধনী কার্যক্রম পরিচালিত হবে।

বৈঠকে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীন উপস্থিত ছিলেন। এছাড়াও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, আন্দালিভ রহমান, মো. নুরুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও ফারজানা শারমীনসহ কমিটির অন্যান্য সদস্যরা অংশ নেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারাও আলোচনায় উপস্থিত থেকে কারিগরি সহায়তা প্রদান করেন।

এনএন/ ৪ আগস্ট ২০২৬


Back to top button