জাতীয়

‘ক্যাম্পাস দখলের চক্রান্ত চলছে, শেখ হাসিনার পরিণতি থেকে শিক্ষা নিন’: সরকারকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি

ঢাকা, ৪ আগস্ট – রাজধানীর শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে হল দখল ও সশস্ত্র আধিপত্য বিস্তারের কঠোর সমালোচনা করে সরকারকে অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

মঙ্গলবার (৪ আগস্ট) জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর আফতাবনগরের সিরাজ কনভেনশন সেন্টারে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন। জাতীয় ছাত্রশক্তি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ‘ফ্রম রেজিস্ট্যান্স টু ভিক্টরি: লেগ্যাসি অব জুলাই’ শীর্ষক এই সভার আয়োজন করে।

সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে ঘটা একাধিক সহিংসতার ঘটনা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, “আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ প্রতিনিধি ও ছাত্রশক্তির নেতৃত্বের ওপর হামলা চালানো হয়েছে। ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে ছাত্রদল ও তাদের সন্ত্রাসী বাহিনী। তারা হবিগঞ্জে আমাদের ভাই আলিফের চোখ উপড়ে ফেলেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আবারও হল দখল ও সন্ত্রাসের অভয়ারণ্য করার পাঁয়তারা চলছে।”

তিনি সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, ছাত্রদের সাথে কোনো ঝামেলায় না জড়িয়ে শিক্ষাঙ্গনের গণতান্ত্রিক ধারা বজায় রাখা এবং দ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত। “এই সরকার মনে করছে ক্ষমতায় এসে সব দখল করবে—শেখ হাসিনাও একই কথা ভেবেছিল, যার পরিণতি আপনারা সবাই দেখেছেন।”

জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অসামান্য আত্মত্যাগের কথা স্মরণ করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ভূমিকা ছিল গেম-চেঞ্জারের মতো। স্বৈরাচারী সরকার ভাবতেই পারেনি তারা এভাবে রাস্তায় নেমে আসবে। ১৭ই জুলাইয়ের দমন-পীড়নের পর লড়াই থামেনি। কিন্তু দুঃখের বিষয় হলো, অভ্যুত্থানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভূমিকার সরকারি স্বীকৃতি বা ডকুমেনটেশনের বিষয়ে বর্তমান সরকার কোনো উদ্যোগ নেয়নি।

জাতীয় ছাত্রশক্তির এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া – মুখপাত্র, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আলী আহসান জুনায়েদ – সদস্য, রাজনৈতিক পর্ষদ, রাফে সালমান রিফাত – যুগ্ম সদস্য সচিবম, জাহিদ আহসান – সভাপতি, জাতীয় ছাত্রশক্তি এবং আবু বাকের মজুমদার – সাধারণ সম্পাদক, জাতীয় ছাত্রশক্তি।

সম্মেলনে বক্তারা স্পষ্ট জানান, বৈষম্যহীন ক্যাম্পাস ও শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় জুলাই যোদ্ধারা কোনো আপস করবে না।

এনএন/ ৪ আগস্ট ২০২৬


Back to top button