মধ্যপ্রাচ্য

ট্রাম্পের যুদ্ধবিরতির দাবির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৪

গাজা, ২ আগস্ট – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধবিরতি বাস্তবায়নে যুগান্তকারী সাফল্য অর্জনের দাবি করলেও ফিলিস্তিনের অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। টানা দ্বিতীয় দিনের মতো চালানো এসব হামলায় অন্তত চার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স আজ রবিবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, গাজা সিটি এবং মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় পৃথক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান।

চিকিৎসকরা জানিয়েছেন, দেইর আল-বালাহতে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে হামলায় এক দম্পতি নিহত এবং চারজন আহত হয়েছেন। অন্যদিকে, গাজা সিটির একটি অ্যাপার্টমেন্টে চালানো হামলায় এক শিশুসহ আরও দুজন নিহত হন। এর আগে গত বৃহস্পতিবার ট্রাম্প দাবি করেছিলেন যে, যুক্তরাষ্ট্র সমর্থিত একটি উদ্যোগের আওতায় হামাস নিরস্ত্রীকরণে সম্মত হয়েছে এবং একে তিনি যুগান্তকারী সাফল্য হিসেবে আখ্যা দেন।

এর পরদিন শুক্রবার তার বোর্ড অব পিস চুক্তির চূড়ান্ত ধাপ নিয়ে ১৫ দফার একটি কর্মপরিকল্পনা বা রোডম্যাপ প্রকাশ করা হয়। তবে মাঠ পর্যায়ে এই রোডম্যাপের কোনো প্রতিফলন এখনো দেখা যায়নি। হামাস জানিয়েছে, গত বছরের চুক্তি অনুযায়ী ইসরায়েলকে প্রথমে সামরিক অভিযান বন্ধ করে বাহিনী প্রত্যাহার করতে হবে, তবেই তারা অস্ত্র হস্তান্তরের বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

অন্যদিকে ইসরায়েলি কর্মকর্তারা স্পষ্ট করেছেন যে, হামাস প্রকৃতভাবে নিরস্ত্রীকরণে রাজি না হওয়া পর্যন্ত তারা বর্তমান অবস্থান থেকে সরবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই উদ্যোগ নিয়ে এখনো কোনো মন্তব্য না করলেও দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির সরাসরি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

তিনি হামাস নেতাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান। এদিকে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত ফাতাহর সাবেক নেতা মোহাম্মদ দাহলান জানিয়েছেন, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার গাজায় হামলা বন্ধে ইসরায়েলি পক্ষের সঙ্গে কাজ করছেন। তবে চুক্তির সাফল্য নির্ভর করছে গাজায় প্রতিদিনের ইসরায়েলি হামলা পুরোপুরি বন্ধ হওয়ার ওপর।

এস এম/ ২ আগস্ট ২০২৬


Back to top button