মধ্যপ্রাচ্য

২০২৭ সালে বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে সৌদি আরব

রিয়াদ, ১ আগস্ট – আগামী ২০২৭ সালের ২ আগস্ট সৌদি আরবের আকাশে এক বিরল ও শতাব্দীসেরা জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা ঘটতে যাচ্ছে। ওই দিন কয়েক মিনিটের জন্য দিনের আলো পুরোপুরি মিলিয়ে যাবে এবং চাঁদ সূর্যকে সম্পূর্ণ ঢেকে ফেলবে।

এই মহাজাগতিক দৃশ্যের সময় দিনের বেলাতেও আকাশে তারা দেখা যাবে এবং বায়ুমণ্ডলের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন যে এই সময় সূর্যের রহস্যময় বহিঃস্তর বা করোনা খালি চোখে দেখা সম্ভব হবে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে এটি কেবল একটি সাধারণ পূর্ণ সূর্যগ্রহণ নয় বরং এটি একবিংশ শতাব্দীর দীর্ঘতম পূর্ণ সূর্যগ্রহণগুলোর একটি।

দীর্ঘ ৭৫ বছরেরও বেশি সময় পর সৌদি আরবের ওপর দিয়ে এই বিরল গ্রহণটি অতিক্রম করতে যাচ্ছে। সৌদি স্পেস এজেন্সি এই ঘটনাকে চলতি শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ জ্যোতির্বৈজ্ঞানিক মুহূর্ত হিসেবে অভিহিত করেছে। মহাজাগতিক এই পরিস্থিতির নেপথ্যে রয়েছে সূর্য, চাঁদ ও পৃথিবীর বিশেষ অবস্থান।

যখন এই তিনটি জ্যোতিষ্ক একই সরলরেখায় অবস্থান করে এবং চাঁদ মাঝখানে থাকে তখনই পূর্ণ সূর্যগ্রহণ ঘটে। ২০২৭ সালের এই গ্রহণের সময় পৃথিবী সূর্য থেকে বছরের সবচেয়ে দূরবর্তী অবস্থানে থাকবে ফলে সূর্যকে কিছুটা ছোট দেখাবে। অন্যদিকে চাঁদ পৃথিবীর খুব কাছাকাছি থাকায় সেটিকে তুলনামূলক বড় দেখাবে।

বড় আকৃতির চাঁদ যখন অপেক্ষাকৃত ছোট সূর্যকে ঢেকে দেবে তখন গ্রহণের স্থায়িত্ব অনেক বেড়ে যাবে। সৌদি আরবের আভা অঞ্চলে এই অন্ধকার প্রায় ৬ মিনিট স্থায়ী হবে। এছাড়া জেদ্দা ও পশ্চিম উপকূলীয় এলাকায় স্থায়িত্ব হবে ৫ মিনিট ৫০ সেকেন্ডের মতো।

মক্কা, তায়েফ, আল বাহা, জিজান ও নাজরানের মতো শহরগুলো থেকেও পূর্ণ সূর্যগ্রহণ স্পষ্টভাবে দেখা যাবে। তবে রাজধানী রিয়াদসহ দেশের উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলে কেবল আংশিক সূর্যগ্রহণ পরিলক্ষিত হবে। পুরো গ্রহণ প্রক্রিয়াটি প্রায় তিন ঘণ্টা স্থায়ী হবে।

জেদ্দায় দুপুর ১২টার দিকে আংশিক গ্রহণ শুরু হয়ে পূর্ণতা পাবে দুপুর ১টা ২৫ মিনিটে। মক্কায় পূর্ণ গ্রহণ দেখা যাবে ১টা ২৬ মিনিটে। এই সময় দিনের আলো রূপালি আভা ধারণ করবে এবং চারপাশ গোধূলির মতো অন্ধকার হয়ে উঠবে।

সৌদি স্পেস এজেন্সি এই সময় বিশেষ সুরক্ষা চশমা ছাড়া সরাসরি সূর্যের দিকে না তাকানোর জন্য কঠোর নির্দেশনা দিয়েছে। কারণ সোলার ফিল্টার ছাড়া খালি চোখে বা সাধারণ সানগ্লাস ব্যবহার করে সূর্যগ্রহণ দেখা চোখের স্থায়ী ক্ষতির কারণ হতে পারে।

এস এম/ ১ আগস্ট ২০২৬


Back to top button