মধ্যপ্রাচ্য

চীন থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান

তেহরান, ৩১ জুলাই – যুক্তরাষ্ট্রের সাথে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে নিজেদের সামরিক সক্ষমতা জোরদার করতে কাজ করছে ইরান। এরই অংশ হিসেবে চীনের তৈরি প্রায় ৪০০টি কাঁধ থেকে নিক্ষেপযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র লঞ্চারের প্রথম চালান আগামী কয়েক সপ্তাহের মধ্যে তেহরানের হাতে পৌঁছাতে পারে।

সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। এই চুক্তির আওতায় চীন থেকে কিউডব্লিউ ১২ ও এফএন ১৬ মডেলের ৩০০ থেকে ৪০০টি ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম বা এমএএনপিএডিএস সংগ্রহ করতে যাচ্ছে ইরান।

হংকং ভিত্তিক প্রতিষ্ঠান ঝোংকিং বাওশাং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট এই চুক্তিতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। এই চুক্তির মোট মূল্য প্রায় ছয় থেকে সাত কোটি মার্কিন ডলার বলে জানা গেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর ইরান নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও সুরক্ষিত করার প্রয়োজনীয়তা অনুভব করছে।

বিশেষ করে সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিতে এই স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবেদনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে এবং শান্তি প্রতিষ্ঠায় তাদের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছে।

এস এম/ ৩১ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language